ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর এবং রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় বুধবার সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার খাড়াজোরা এলাকায় মাইক্রোবাস চাপায় আব্দুল মান্নান (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান।
তিনি বলেন, "রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলে মান্নানের মৃত্যু হয়।"
মাইক্রোবাসটি আটক করা যায়নি।
রাজশাহী প্রতিনিধি জানান, দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে বাস চাপায় রঙ্গীন রনি (২২) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রনির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর গ্রামে।
গোদাগাড়ী থানার ওসি আবু বক্কর বলেন, দুপুর ১২টার দিকে উপজেলার বালিয়াঘাটা হাতনাবাদ এলাকায় এ দুর্ঘটনা।
তিনি বলেন, "রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে রনির সাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ বাসটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/১৭৩০ ঘ.
bdnews24