ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কাঠামোয় গত ডিসেম্বরের বেতন চেয়ে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে তা দেওয়ার দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিনি বলেন, "ডিসেম্বর মাসে নতুন বেতন স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পেলেও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পুরনো স্কেলেই বেতন দেওয়া হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়।"
সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরে বলা হয়, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি দাবিও জানান তিনি।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৪ জানুয়ারি বিভাগীয় শহরগুলোতে সংবাদ সম্মেলন, ২১ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা প্রতীকী ধর্মঘট, ২৩ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ, ২৮ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, ১-১১ ফেব্র"য়ারি পর্যন্ত কালোব্যাজ ধারণ এবং ১২ ফেব্র"য়ারি ঢাকায় প্রতিনিধি সম্মেলন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাহবুবুর রহমান, এম এ লতিফ, প্রধান শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, সহকারী শিক্ষক সমিতির মহাসচিব দেলোয়ার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24