২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের সরকারি খামারে দুধের দাম বাড়লো

১৩ বছর পর সাভারের সরকারি গো-প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামারে উৎপাদিত দুধের দাম লিটার প্রতি ১০ টাকা বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 07:45 AM

Updated : 24 Aug 2022, 06:04 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩ বছর পর সাভারের সরকারি গো-প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামারে উৎপাদিত দুধের দাম লিটার প্রতি ১০ টাকা বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান। দাম বাড়ানোর সুপারিশ করে পশুসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. হাবিবুর রহমান ও খামারের উপ-পরিচালক আশরাফ আলীর পক্ষ থেকে এর আগে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, পশুখাদ্য, জ্বালানি, রাসায়নিক সার এবং ঘাসের সহজলভ্যতাসহ উৎপাদন খরচের ভিত্তিতে ১৯৯৭ সালে এ খামারের দুধের মূল্য লিটারপ্রতি ২০ টাকা এবং আধা লিটার ১০ টাকা নির্ধারণ করা হয়। এরপরে আর মূল্য বাড়ানো হয়নি। "ইতিমধ্যেই বাজারে পশুখাদ্য, জ্বালানি ও রাসায়নিক সারের মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। ঘাসও প্রায় দুর্লভ হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতি লিটার দুধ উৎপাদনে বর্তমানে ৩৩ টাকা ২০ পয়সা ব্যয় হচ্ছে।" চিঠিতে বলা হয়, সরকার নিয়ন্ত্রিত অপর প্রতিষ্ঠান মিল্ক ভিটার উৎপাদিত প্রতি লিটার দুধের দাম লিটারপ্রতি ৪৫ টাকা হলেও সাভার কেন্দ্রীয় গো-প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামারের দুধ লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছিলো। দুধের মূল্য লিটার প্রতি ১৪ টাকা বাড়িয়ে ৩৪ টাকা করার প্রস্তাব দেওয়া হয় ওই চিঠিতে। পশুসম্পদ অধিদপ্তর ও সাভার কেন্দ্রীয় গো-প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামার কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ খামারে উৎপাদিত দুধ বর্তমানে বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও নয়টি হাসপাতাল, পশুসম্পদ অধিদপ্তর, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এসওএস শিশু পল্লী, পশুসম্পদ গবেষণা প্রতিষ্ঠান এবং ঢাকা চিড়িয়াখানায় সরবরাহ করা হয়। যে সব হাসপাতালে এ দুধ সরবরাহ করা হয় সেগুলো হচ্ছে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল (বারডেম), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বক্ষব্যাধি হাসপাতাল, কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং কেন্দ্রীয় পশু হাসপাতাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৩৩০ ঘ.