২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডির ওসি'র বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা

ধানমণ্ডি থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 03:16 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডি থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মঙ্গলবার পুলিশ সপ্তাহ শুরুর দিন এক গৃহবধূ এ মামলাটি করেন। অভিযুক্তরা হলেন, ওসি শাহ আলম এবং উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল। মামলার আরজিতে বলা হয়, গত ২৮ ডিসেম্বর রাতে ওই গৃহবধূ ও তার এক আত্মীয় হরিয়ে যাওয়া একটি গাড়ি (ট্যাক্সিক্যাব) আদালতের আদেশে নিজ জিম্মায় নিতে থানায় যান। অভিযুক্ত এসআই গাড়িটি না দিয়ে তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে বসেন। এ বিষয়ে ১০ হাজার টাকায় তাদের মধ্যে দফারফা হয়। পরে ওসি'র সঙ্গে দেখা করতে গেলে গৃহবধূর আত্মীয়কে অভ্যর্থনা কক্ষে বসিয়ে রেখে তাকে শাহআলমের কক্ষে নিয়ে যাওয়া হয়। বাদী আরো অভিযোগ করেন, ওসির কক্ষে যাওয়ার পর এক পর্যায়ে শাহআলম তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় চিৎকার শুনে ওই আত্মীয় ছুটে এলে তিনি কোনোরকমে রক্ষা পান। মামলার ভয় দেখিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করারও হুমকি দেওয়া হয়েছে বলে ওই গৃহবধূ দাবি করেন। আরজিতে বাদীর ঠিকানা দেখানো হয়েছে ধানমণ্ডির একটি বাড়ির নম্বর। বিচারক এ এফ এম মাহবুবুল হক এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে ওসি শাহআলমের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট। তিনি বলেন, "মূলত ওই গৃহবধূ আদালতের আদেশ না নিয়েই গাড়িটি তার জিম্মায় নিতে চেয়েছিলেন। আমি বলেছি- আইন বিরুদ্ধ কিছু করতে পারবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/২১০৭ ঘ.