ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হাতিয়ার হিসাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের ব্যবহার না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার পুলিশ সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, "রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হবে না। আমরা নীতি ও আদর্শ দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষতে মোকাবেলা করতে চাই।"
প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, তার সরকারের এক বছরে বিরোধীদলের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি বরং নিরাপত্তা দেওয়া হয়েছে।
সরকারের প্রথম বছরের সঙ্গে জোট সরকারের প্রথম বছরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনা করারও আহ্বান জানান তিনি।
পুলিশ বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "দলীয় পরিচয় না দেখে যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিবেন। অপরাধী যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
দেশের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।
'সবার মতাদর্শ এক নয়' মন্তব্য করে শেখ হাসিনা বলেন, "একেক জনের একেক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকতেই পারে। তবে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে যে নিয়োজিত থাকবে তাকে রাষ্ট্র, জনগণ ও সংবিধানের প্রতি যথাযথভাবে সম্মান দেখাতে হবে।"
এসময় তিনি নিজের জীবনের নিরাপত্তার ঝুঁকির কথা ব্যক্ত করে বাংলাদেশের মাটিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন।
শেখ হাসিনা বলেন, "বাংলাদেশে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের স্থান নেই। বাংলাদেশের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে তা আমি হতে দেবো না। এজন্য আমি আমার নিজের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছি।"
স
bdnews24