২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ও দিনাজপুরে দু'জন খুন

গাজীপুরে অপহরণের পর এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 01:11 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

গাজীপুর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে অপহরণের পর এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত এলাকায় মঙ্গলবার সকালে এক বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ভারতীয়রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, নিহত কৃষ্ণ চন্দ্র শীল (২৬) কালিয়াকৈর উপজেলার ভান্নারা গ্রামের অনীল চন্দ্র শীলের ছেলে। সোমবার রাতে ভান্নারা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান অনিতা জুয়েলার্স থেকে তাকে অপহরণ করা হয়। মঙ্গলবার সকালে এক কিলোমিটার দূরে সূয়াচালা গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন বলেন, কৃষ্ণ চন্দ্র রাতে দোকানে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে গভীর রাতে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। দোকানের কিছু মালামাল খোয়া গেলেও তার পরিমাণ বলতে পারেননি পুলিশ কর্মকর্তা। তিনি আরো বলেন, নিহতের মুখ ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। দিনাজপুর প্রতিনিধি জানান, নিহত বাবুল মিয়া (৩০) বিরামপুর উপজেলার চৌগাড়িয়া গ্রামের মিরাজ ফকিরের ছেলে। ফুলবাড়ী ৪০ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৬টায় কাটলা সীমান্তের চৌগাড়িয়া গ্রামের ২৯৮ সীমান্ত পিলারের কাছে ওপারের ভারতের মালদা জেলার আগড়া গ্রামের কয়েকজন এসে বাবুলকে পিটিয়ে হত্যা করে। এরপর তারা লাশ নিয়ে যায়। বিডিআর দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৮ ঘ.