ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ তদন্ত করতে একটি উচ্চক্ষমতার স্থায়ী তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। তবে অতীতের কোন ঘটনা এ কমিটি তদন্ত করবে না।
গত ২৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এই কমিটি অনুমোদন করা হয়।
পাঁচ সদস্যের কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন অ্যাটর্নি জেনারেল ও সিন্ডিকেট সদস্য মাহবুবে আলম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থাকবেন সদস্য সচিবের দায়িত্বে।
অন্য সদস্যরা হলেন সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ও সিন্ডিকেট সদস্য এ এফ এম মেজবাহ্উদ্দিন, সুপ্রীমকোর্টের আইনজীবী ও সিন্ডিকেট সদস্য সৈয়দ রেজাউর রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নারী নির্যাতন বা নিপীড়ন ও যৌন হয়রানির কোন অভিযোগ পাওয়া গেলে এ কমিটি তা তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি স্থায়ী কমিটি। বিশ্ববিদ্যালয় পরিবারের কারো অভিযোগের পরিপ্রক্ষিতে এ কমিটি কাজ শুরু করবে। তবে কমিটি অতীতের কোন ঘটনা পর্যালোচনা করবে না। নতুন করে কেউ যৌন হয়রানির কোন অভিযোগ করলেই কেবল তা তদন্ত করে দেখা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.
bdnews24