ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পী বীরেন সোমের সপ্তম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর শিল্পাঙ্গন'র গ্যালারিতে।
শিল্পীর আঁকা ২৪ ফুট দীর্ঘ ও ১০ ইঞ্চি প্রস্থের একটি চিত্রে স্বাক্ষর করে সোমবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। প্রদর্শনী চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
প্রদশর্নীতে বীরেন সোমের আঁকা ১২৪টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বীরেন সোমের জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত বইয়ের মোড়কও উম্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান।
'বীরেন সোম: হিজ টায়ারলেস অডিসি' নামের বইটি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা চন্দ্রাবতী একাডেমি।
বীরেন সোম ষাটের দশকের মাঝামাঝি সময়ে চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন। ছাত্রাবস্থা থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নেন। এরপর ৬ দফা আন্দোলনের মঞ্চ নির্মাণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে তার স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
মুক্তিুদ্ধের সময় মুজিবনগর সরকারের ডাইরেক্টরেট অব প্রেস পাবলিসিটি, ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং-এর পটুয়া কামরুল হাসানের নেতৃত্বে গঠিত ছয়জনের মধ্যে ছিলেন সর্বকনিষ্ঠ সদস্য।
ন্যাশনাল হার্বেরিয়ামের প্রধান শিল্পী হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর ষাটোর্ধ বীরেন সোম বর্তমান শিল্পচর্চায় নিয়োজিত রয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক শফি আহমেদ, বার্তা সংস্থা ইউএনবি'র প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান, শিশু সাহিত্যিক ফারুক হোসেন, শিল্পাঙ্গনের পক্ষে রুমি নোমান, বীরেন সোমের ওপর লেখা বইয়ের সম্পাদক মতলুব আলী ও চন্দ্রাবতী একডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24