২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশবাসী আমাদের পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে: আশরাফ

দেশবাসী তাদের পাঁচবছরের জন্য ম্যান্ডেট দিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এই সময়ে তারা তাদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 04:37 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশবাসী তাদের পাঁচবছরের জন্য ম্যান্ডেট দিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এই সময়ে তারা তাদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবেন। সোমবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি'র আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে সৈয়দ আশরাফ এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, "গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার সাংবিধানিক বৈধতা কারো নেই। কেউ যদি ক্ষমতায় আসতে চায় তাদের আরো চার বছর অপেক্ষা করতে হবে। দেশবাসী আমাদের পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে। আমরা এই সময়ে আমাদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবো।" ৩০ জানুয়ারি দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলেও জানান সৈয়দ আশরাফ। এরপরই দলের নেতারা দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করবেন। সরকারের বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ৬ জানুয়ারি রেডিও-টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথাও উল্লেখ করেন সাধারণ সম্পাদক। আশরাফ দাবি করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার এক বছরে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে। তিনি বলেন আগামীতে 'জনগণের সমর্থন ও সহযোগিতা নিয়ে এবং তাদের সম্পৃক্ত করে' প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সরকার প্রধানের বাসভবন যমুনায় সোমবার সন্ধ্যায় এই বৈঠকটি শুরু হয় এবং রাত পৌনে নয়টা পর্যন্ত চলে। যমুনার সামনে ওই ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক বৈঠকের সিদ্ধান্তগুলো জানান। আশরাফ বলেন, "অতীতের উত্তরাধিকার সূত্রে পাওয়া পূঞ্জীভূত সমস্যা-সঙ্কট এবং গত এক বছরের ষড়যন্ত্র চক্রান্ত সাফল্যের সাথে মোকাবেলা করেই শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে।" বিএনপির কমিটি সম্পর্কে তার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত- দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাবে আশরাফ বলেন, "আমি মনে করি না, আমার এই বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। বিএনপি'র এই কমিটিতে জাতি আতঙ্কিত। এই বিষয়ে আমরা বিস্তারিত আরো বলবো।" গত ৮ ডিসেম্বর কাউন্সিলের পর শুক্রবার বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে 'বিতর্কিত' ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পরদিন বলেছিলেন, 'এ কমিটি ঘোষণার পর মানুষ আতঙ্কিত।' আশরাফ জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। আশরাফ জানান, সরকারের এক বছর পূর্তি এবং নতুন বছর উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্য ও সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। বৈঠক থেকে 'দিনবদলের সংগ্রামে' আরো আত্মত্যাগের মনোভাব নিয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। আশরাফ জানান, সরকারের বছরপূর্তি উপলক্ষে ৬ জানুয়ারি বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন দেশব্যাপী আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠানের জন্য কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে আহবান জানানো হয়েছে। সরকারের বছরপূর্তিতে আওয়ামী লীগ ৭ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এছাড়া ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আলোচনায় সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২৩৫৪ঘ.