নড়াইল, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল বিএনপি'র দু'টি উপজেলা ও একটি পৌর কমিটি বাতিল চেয়ে আদালতের তিনটি মামলা হয়েছে।
এগুলো হল- কালিয়া ও নড়াগাতি উপজেলা এবং কালিয়া পৌর কমিটি।
সহকারী জজ সিরাজ জিন্নাতের আদালতের রোববার মামলাগুলো দায়ের করা হয়।
আদালত মামলা তিনটি আমলে নিয়ে কমিটিগুলো কেন বাতিল করা হবে না আগামী সাত দিনের মধ্যে তার কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।
নড়াগাতির জয়নগর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি শেখ বুলবুল কবির, কালিয়া উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সরদার আনোয়ার হোসেন ও কালিয়া পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এ তিনটি মামলার বাদী।
মামলা তিনটিতে নবগঠিত কমিটিগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপি'র আহবায়ক কমিটির নেতৃবৃন্দসহ ১৩ জনকে বিবাদী করা হয়েছে।
এরা হলেন- জেলা বিএনপির আহবায়ক মো. ইকবাল হোসেন শিকদার, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, খান মতিয়ার রহমান, এস এম ফয়সাল রহমান, মো. বাবলু মোল্যা, খান আবুল হোসেন, চৌধুরী আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, খলিলুর রহমান সেখ, মো. ওমর ফারুক, শেখ বাদশা মিয়া, ওয়াহিদুজ্জামান ও মুহাম্মদ সাজ্জাদ হোসেন।
মামলার নথি থেকে জানা যায়, নবগঠিত কালিয়া উপজেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও অন্য বিবাদীরা পরস্পর যোগসাজসে সম্মেলন ছাড়া অগণতান্ত্রিক, গঠনতন্ত্র পরিপন্থি ও বেআইনীভাবে কমিটি গঠন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.
bdnews24