সিলেট, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন।
উপজেলার তেতলী এলাকায় সোমবার বিকালে এ দুর্ঘটনায় নিহতরা হলেন- বিশ্বনাথের বর্নী গ্রামের সিকান্দর আলীর স্ত্রী মাসুরা বিবি (৭০) ও তার মেয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরের হবিবপুর গ্রামের সৈয়দ উল্লাহর স্ত্রী নেহার বেগম (৩০)।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ বলেন, বিকাল ৪টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিশ্বনাথগামী সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুই সিএনজি যাত্রী মারা যান।
পুলিশ বাসটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.
bdnews24