ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ফিরে যেতে খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত বাতিল এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের মামলা প্রত্যাহারসহ ১০ দফা দাবি তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি।
সংসদের সামনের সারিতে আরেকটি আসন দেওয়ার স্পিকারের প্রস্তাবের পর শীতকালীন অধিবেশনের প্রথম দিন নতুন করে কয়েকটি দাবি তুললো বর্জন অব্যাহত রাখা দলটি।
সোমবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক দাবিগুলো তুলে ধরে সরকারের উদ্দেশে বলেন, ''দাবি পূরণ করে বিরোধী দলের সংসদে যাওয়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করুন। স্পিকার ও সরকারি দলের প্রতি আমাদের উত্থাপিত দাবিগুলো মেনে নিয়ে সংসদ কার্যকর করার দাবি জানাচ্ছি।''
১০ দফা দাবির মধ্যে আছে, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের চিঠি প্রত্যাহার, তার নিরাপত্তা জোরদার, বিরোধী দলীয় নেতাসহ তারেক রহমান, আরাফাত রহমানসহ নেতাদের মামলা প্রত্যাহার, বিরোধী দলীয় সাংসদদের মুলতবি প্রস্তাব গ্রহণ, টিপাইমুখ বাঁধ ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা, এশিয়ান হাইওয়ের নামে 'করিডোর' দেওয়া বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, কথিত নিপীড়ন-নির্যাতন বন্ধ, সরকারের দেওয়া প্রতিশ্র"তি অনুযায়ী স্থায়ী কমিটির বাকি ২টি সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া ও বিরোধী দলের নির্বাচিত সাংসদদের এলাকায় সংরক্ষিত সরকারি মহিলাদের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত প্রত্যাহার।
সংসদের প্রথম অধিবেশনে যোগ দিলেও সামনের সারিতে আসন বাড়ানো, খালেদা জিয়ার বাড়ি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, তারেক রহমানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে পরের অধিবেশন থেকে যোগ দিচ্ছে না তারা।
জয়নুল আবদিন ফারুক সংসদে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে দাবি করে তা বন্ধ করতে বলেন।
তিনি বলেন, ''বিরোধী দল যাতে সংসদে ফিরে যেতে পারে, তার উপযুক্ত পরিবেশ সরকারি দল সৃষ্টি করবেন বলে আমরা আশা করি। একই সঙ্গে তাদের স্মরণ করিয়ে দিতে চাই, সংসদ বিরোধী দল শূণ্য হলে সরকারের আয়ু ও গণতন্ত্র অনিশ্চিত হয়ে পড়বে-এটা তারা যেন ভুলে না যান।''
সংবাদ ব্রিফিংয়ে সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, শাম্মী আখতার, নীলুফার চৌধুরী মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৬৪৩ ঘ.
bdnews24