২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট মামলা তদন্তে আরো ২ মাস

শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আরও ২ মাস সময় দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 10:25 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আরও ২ মাস সময় দিয়েছে আদালত। আগামী ৪ মার্চ প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশিরউল্লাহ এ তারিখ নির্ধারণ করেন। আদেশে তিনি বলেন, যেহেতু এ মামলার তদন্তে অগ্রগতি হয়েছে তাই তদন্ত সংস্থাকে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ২ মাস সময় দেওয়া হলো। আরও ২ মাস সময় বাড়ানোর বিষয়টি মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহআলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে নিশ্চিত করেছেন। রোববার গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিলের জন্য আরও চার মাস সময় চান মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ। তিনি ওই ঘটনায় বিস্ফোরক ও হত্যা মামলা দুটিরই অধিকতর তদন্ত করছেন। ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশিরউল্লাহর আদালতে বিস্ফোরক মামলা এবং ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগমের আদালতে হত্যা মামলাটি বিচারধীন। এ এন বশিরউল্লাহ সময়ের আবেদনের শুনানির জন্য সোমবার দিন ঠিক করেন। অপর আদালত আগামী ৪ ফেব্র"য়ারি শুনানির দিন ধার্য করে। দুটি মামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জনের সাক্ষ্য গ্রহণের পর গত বছরের ৩ আগস্ট দুই মাসের মধ্যে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন। পরে মামলা দুটির আদালত বদল হয়ে তা মহানগর জজ আদালতে চলে আসে। গত ১৪ অক্টোবর আদালত অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় বাড়ায়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে এ হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে। এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। ওই ঘটনায় মতিঝিল থানায় উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত বছরের ১১ জুন সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/জিএনএ/১৬১৮ ঘ.