২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত

ঘন কুয়াশার কারণে সোমবার মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচল ব্যাহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 10:19 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে সোমবার মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচল ব্যাহত হয়। এছাড়া চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি কেতকী মেঘনায় সাড়ে সাত ঘণ্টা আটকে ছিল। ঢাকা-চাঁদপুর এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী ২০টি লঞ্চ মেঘনা নদীর বিভিন্ন স্থানে নোঙর করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মুন্সীগঞ্জ: মাওয়া-কাওড়াকান্দি নৌপথে প্রায় ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। কুয়াশা কেটে যাওয়ায় সকাল পৌনে ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়াশার কারণে সোমবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মাঝ নদীতে একটি এবং চর জানাজাত ঘাটে আরো আটটি ফেরি আটকে পড়ে। পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা জানান, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ভোর পাঁচটার দিকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক এবং দুই শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়ে। পরে কুয়াশা কেটে গেলে সকাল আটটায় পারাপার শুরু হয়। বিআইডব্লিউটিসি'র আরিচা অফিসের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ জানান, ফেরি চলাচল শুরু হলেও ঢাকা-আরিচা মহাসড়কে দুই কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চাঁদপুর: বিআইডব্লিউটিসি চাঁদপুরের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জহির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ৩টার দিকে ফেরি কেতকী আটটি পণ্যবাহী ট্রাক নিয়ে চাঁদপুরের মধ্যচর এলাকায় মেঘনা নদীতে একটি বয়ার সঙ্গে আটকে যায়। সকাল ১১টার দিকে ফেরিটি শরীয়তপুর ঘাটে পৌঁছায়। ফেরিটি পৌঁছাতে দেরি হওয়ায় চাঁদপুরের হরিনা ঘাটে ৫০টি এবং শরীয়তপুর ফেরিঘাটে ২০টি মালবাহী ট্রাক আটকা পড়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. রেদওয়ান আহম্মেদ জানান, চাঁদপুরের বিভিন্নস্থানে আটকা পড়ে এই রুটে চলাচল করা বেশ কয়েকটি লঞ্চ। এই কারণে এমভি সোনার তরী, মেঘনা রানী, রফ রফ, ও তুতুলসহ ২০টি লঞ্চ চাঁদপুর ঘাটে এসে ভিড়ে নির্ধারিত সময়ের ৪/৫ ঘন্টা পর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬১৬ ঘ.