ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন সোমবার বিকাল তিনটায় শুরু হয়েছে।
এটি নবম সংসদের চতুর্থ অধিবেশন।
অধিবেশনের শুরুতে দিনের কার্যসূচি অনুযায়ী কোরআন তেলাওয়াতের পর শোক প্রস্তাব ও একটি অধ্যাদেশ উপস্থাপিত হয়।
এর পরপরই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংসদে ভাষণ দেওয়া শুরু করেন।
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সরকারি কর্মচারি (অবসর) আইন-'৭৪ সংশোধনে জারিকৃত অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করেন। সংসদ অধিবেশনের আগে এই অধ্যাদেশটি রাষ্ট্রপতি জারি করেন।
সাবেক মন্ত্রী এম এ মান্নান, সাবেক সাংসদ এম এ হান্নান, মুসলিম লীগের সাবেক সভাপতি এ এন এম ইউসুফসহ ৭ জনের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
দুপুর ২টায় স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতিমন্ডলীর সদস্য মনোনয়ন :৫ সদস্যের প্যানেল সভাপতি মন্ডলী বা স্পিকার প্যানেল মনোনয়ন দেন স্পিকার আবদুল হামিদ। এরা হলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাইদুল হক, এ কে এম মাইদুল ইসলাম, জাফরুল ইসলাম চৌধুরী ও ছালেহা মোশাররফ। স্পিকার অথবা ডেপুটি স্পিকারের অনুস্থিতিতে ক্রমানুসারে তারা সংসদে সভাপতিত্ব করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/জিএনএ/১৫৩৭ ঘ.
bdnews24