ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে সোমবার মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচল ব্যাহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে প্রায় ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিলো।
কুয়াশা কেটে যাওয়ায় সকাল পৌনে ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশার কারণে সোমবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মাঝ নদীতে একটি এবং চর জানাজাত ঘাটে আরও ৮টি ফেরি আটকে পড়ে।
পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিলো।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা জানান, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ভোর পাঁচটার দিকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক এবং দুই শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়ে। পরে কুয়াশা কেটে গেলে সকাল আটটায় পারাপার শুরু হয়।
বিআইডব্লিউটিসি'র আরিচা অফিসের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ জানান, ফেরি চলাচল শুরু হলেও ঢাকা-আরিচা মহাসড়কে দুই কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৪৩৫ ঘ.
bdnews24