কক্সবাজার, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে রোববার তৃতীয় দিনের মত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
বৃহস্পতিবার শুল্ক ফাঁকি দিয়ে শুঁটকি আমদানির অভিযোগে দুটি ট্রাক আটকের ঘটনায় বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
তবে রোববার বন্দর কর্মকর্তারা বলেছেন, তারা যথারীতি অফিস করছেন।
অন্যদিকে বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা দাবি করেছেন, বন্দর কর্তৃপক্ষ কোন ব্যবসায়ী ও শ্রমিককে বন্দরে ঢুকতে দিচ্ছে না। বন্দরের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখা হয়েছে।
তারা বন্দরের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ আনেন এবং এর প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।
টেকনাফ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেড এর অপারেশন অফিসার সালাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ও শনিবার সরকারি ছুটি ছিল। মূলত রোববার সারাদিন বন্দর দিয়ে কোন পণ্য আমদানি-রপ্তানি হয়নি। ব্যবসায়ী ও শ্রমিকরাও বন্দরে আসেননি।
বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিদার হোসেন বলেন, অন্যায়ভাবে অতিরিক্ত মাসুল (চার্জ) আদায় করার প্রতিবাদ করেছেন ব্যবসায়ীরা।
বন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী ও অপারেশন অফিসার সালাহ উদ্দিন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ব্যবসায়িদের হয়রানি করে যাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
দিদার হোসেন বলেন, সিএন্ডএফ এজেন্টরা শনিবার রাতে বৈঠক করে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
বন্দরের ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার, অতিরিক্ত মাসুল আদায় বন্ধের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে তিনি জানান।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ খালেদ জানান, তিনি বন্দরের ঘটনায় দু'টি অভিযোগ পেয়েছেন। বন্দর কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগটি ইতোমধ্যে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
এই মামলায় স্থানীয় সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই আবদুল আমিনসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- মোহাম্মদ আনোয়ার, সৈয়দ আলম ও মোহাম্মদ তৈয়ব আলী।
ওসি জানান, ট্রাক শ্রমিক নেতা খলিলুর রহমান বাদী হয়ে আরেকটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের তদন্ত চলছে। এটিও মামলা হিসেবে নভিভুক্ত করা হবে।
বন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেড এর ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরীর করা মামলায় অভিযোগ করা হয়েছে, মিয়ানমার থেকে আমদানি করা শুঁটকি বহনের জন্য এশিয়া এন্টারপ্রাইজের দু'টি ট্রাক আসে। বিল অব এন্ট্রিতে উল্লেখ করা পরিমানের চেয়ে ১ হাজার ৬৪৪ কেজি শুঁটকি থাকায় ট্রাক দুটিকে বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়নি।
এশিয়া এন্টারপ্রাইজের মালিক আবদুল আমিন ট্রাক দু'টি বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টা চালান। এসময় ১৫-২০ জন দুস্কৃতিকারী বন্দরের কার্যালয়ে ভাংচুর চালায় এবং বন্দর ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরীকে মারধর করে।
অন্যদিকে ট্রাক শ্রমিকদের অভিযোগ, ঘটনার দিন বন্দরের লোকজন ট্রাকের চাকা নষ্ট এবং চালককে মারধর করেছে।
স্থানীয় একটি ট্রাক মালিক সমিতির নেতা মো. ইউনুস জানান, বৃহস্পতিবার ট্রাক আটকের ঘটনায় ট্রাক শ্রমিক ও মালিকরা বন্দরের পণ্য পরিবহন বন্ধ রেখেছে।
এ ব্যাপারে ব্যবসায়ী আবদুল আমিনের সঙ্গে ফোনে যোগাযোগ করেও কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24