২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ-সমাবেশ

নারায়ণগঞ্জে গ্যাস সমস্যা সমাধানের দাবিতে রোববার সকালে বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 03:02 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে গ্যাস সমস্যা সমাধানের দাবিতে রোববার সকালে বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। এক পর্যায়ে জনতা তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ে হামলা ও ভাংচুরের চেষ্টা চালায়। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে গ্যাস সংকট সমাধানের জন্য সাতদিনের সময় বেধে দেয় এলাকাবাসী। দাবি মানা না হলে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ে কোনো কর্মকর্তাকে ঢুকতে দেওয়া হবে না হলে হুমকি দেয় তারা। এছাড়া গ্যাস সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোন বিল দেওয়া হবে না বলেও ঘোষণা দেয় তারা। নারায়ণগঞ্জ ও ফতুল্লার আশপাশের এলাকায় গত ৭/৮ মাস ধরে তীব্র গ্যাস সংকট চলছে। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান হয়নি। সংকট নিরসনের দাবিতে এলাকাবাসী কয়েক দফায় অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে শহরের দেওভোগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বেপারীপাড়া, ভূঁইয়ার বাগ, দাতাসড়ক, সন খোলা, তাতী পাড়া, সুতারপাড়, পাইকপাড়া, বাবুরাইল, আমবাগান, নন্দী পাড়া, এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়। এরপর বিক্ষুদ্ধ এলাকাবাসী শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে শুয়ে পড়ে আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশ এসে বিক্ষোভকারীদের সড়ক থেকে তুলে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। সেখান থেকে সরে গিয়ে এলাকাবাসী শহরের চাষাঢ়া শহীদ মিনারে অবস্থান নেয়। সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করে। দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জয়নাল, রাজা, মন্টু মিয়া, কলিমুল আলম কলিম, আহম্মদ বেপারী প্রমুখ। দুপুর ১২ টার দিকে বিক্ষুদ্ধ এলাকাবাসী শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। তারা কার্যালয় ভাংচুরেরও চেষ্টা চালায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তারা কার্যালয়ের ফটক বন্ধ করে দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বিক্ষুদ্ধ এলাকাবাসীকে শান্ত করে। দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি আহমেদ আলী সাংবাদিকদের বলেন, "দীর্ঘদিন ধরে আমরা গ্যাসের সমস্যায় ভূগছি। বার বার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানালেও তারা কার্যকর কোন ব্যবস্থা নেয়নি। সে কারণে বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে তাদের। আগামী সাতদিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। নতুবা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে আহমেদ আলী জানান। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আমির হোসেন বলেন, "আমরা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছি না। তাই এই সংকট।" তিনি দাবি করেন, এক লাখ ৪৪ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৭৫ হাজার মিলিয়ন ঘনফুট। শীত কেটে গেলে শহরের আবাসিক এলাকায় গ্যাস সঙ্কট অনেকটা কেটে যাবে বলে তিনি জানান। এছাড়া কাশীপুর ও মাসদাইর এলাকার সঙ্কট নিরসনে সেখানে সাব ষ্টেশন বসানোর কাজ অচিরেই শুরু হচ্ছে বলেও জানান আমির হোসেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান জানান, গ্যাসের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করলে তাদের শান্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.