২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে দুই বাসদ'র সংঘর্ষ, আটক ৯

কার্যালয়ের দখল নিয়ে রংপুর শহরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) ও বাসদ (মাহবুব) এর নেতাকর্মীদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 12:00 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

রংপুর, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্যালয়ের দখল নিয়ে রংপুর শহরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) ও বাসদ (মাহবুব) এর নেতাকর্মীদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে শহরের কালিবাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে উভয়পক্ষের নয়জনকে আটক করেছে। এদের মধ্যে আছেন- বাসদ (খালেকুজ্জামান) এর জেলা আহবায়ক আনোয়ার হোসেন বাবলু এবং বাসদ (মাহবুব) এর জেলা আহবায়ক মমদেল হোসেন। আহতদের মধ্যে বাসদ (মাহবুব) এর নেতা ষষ্ঠি কুমার ঘোষকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিবাড়ি সংলগ্ন বাসদ কার্যালয়ের কর্তৃত্ব ও দখল নিয়ে দুই বাসদ'র মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রোববার দুপুর দেড়টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আশপাশের দোকান পাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় কার্যালয়ে থাকা একটি মোটরসাইকেল এবং আসবাবপত্র ভাংচুর ও তছনছ করা হয়। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, দাঙ্গা পুলিশ কার্যালয়টি ঘিরে রেখেছে। সংঘর্ষে জড়িত নয়জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পলাশ কান্তি নাগ, সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন টিটু, একই সংগঠনের নেতা বিপুল, মানু, আজাদ, সোহেল, রোকনুজ্জামান। বাসদ (খালেকুজ্জামান) এর জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, কার্যালয়টি তাদের দখলে ছিল। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। বাসদ (মাহবুব) নেতা মমদেল হোসেনের ক্যাডাররা হামলা চালিয়ে কার্যালয় ভাংচুর করেন বলে তিনি অভিযোগ করেন। অপরদিকে বাসদ (মাহবুব) এর জেলা আহবায়ক মমদেল হোসেন গ্রেপ্তার হওয়ার সময় সাংবাদিকদের বলেন, কার্যালয়টি তাদের। ২৫ বছর ধরে তারা এই কার্যালয়ে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৪ ঘ.