রংপুর, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের দুটি বাজারে শনিবার রাতভর অভিযান চালিয়ে বেশ কিছু নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া বেশ কয়েক বস্তা ভারতীয় জিরা ও এলাচ উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মেনহাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাইকারি বাজার গুদরী বাজার ও জেলা পরিষদ মিনি সুপার মার্কেটে এ অভিযান চালানা হয়।
তিনি বলেন, গুদরী বাজারে মজিবর রহমানের দোকান ও গুদামে অভিযান চালিয়ে বেশ কিছু পলিথিন উদ্ধার করা হয়।
পরে দোকানের ব্যবস্থাপক মাসুদের স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী মিনি সুপার মার্কেটে মজিবর ও তার ভাই আব্দুল মান্নানের ৫টি গুদামে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পলিথিন এবং বেশ কয়েক বস্তা ভারতীয় জিরা ও এলাচ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আব্দুল মান্নান ও মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসআই মেনহাজ জানান, মান্নান ও মজিবর দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ পলিথিন বিক্রি করে আসছেন। উদ্ধার করা পলিথিনের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
তিনি জানান, এ ব্যাপারে পরিবেশ আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭১৫ ঘ.
bdnews24