ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের যানবাহন সঙ্কটের নিরসনের লক্ষ্যে ৪৮৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, প্রকল্পের আওতায় পিকআপ, মোটর সাইকেল ও নৌযান কিনে দেশের প্রতিটি থানায় তা বিতরণ করা হবে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নয়টি সংস্থার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা বিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
পুলিশ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে তাদের গাড়ি সঙ্কটের কথা বলে আসছিলেন। বিভিন্ন সময়ে বাস ও অন্যান্য গাড়ি রিকুইজিশন করে তাদের কাজ চালাতে হচ্ছে। এতে গাড়ির মালিকদেরও ভোগান্তিতে পড়তে হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে আরো গতিশীল করতে তাদের জন্য নতুন যানবাহনের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি জানান, প্রতিটি থানায় দুটি করে পিকআপ এবং দুটি করে মোটর সাইকেল দেওয়া হবে। এছাড়াও উপকূলীয় এবং নদী এলাকার থানাগুলোতে বিশেষ টহলের জন্য নৌযান দেওয়া হবে।
"ফলে পুলিশ বাহিনীর সদস্যরা আরও দ্রুত তাদের গন্তব্যে পৌঁছে জনগণের সেবায় কাজ করতে পারবে", আশা প্রকাশ করেন সাহারা।
সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) মর্যাদা বাড়ানোর উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, "এ ধরনের একটি প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়ে জমা রয়েছে।"
আগে পুলিশের আইজি'র পদটি 'তিন তারকা'র ছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে এটি 'দুই তারকা'র করা হয়।
"বর্তমানে এটি আবার 'তিন তারকা'র করা উচিত বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে", সচিব বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24