রংপুর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাণ্ডা বাতাস ও কনকনে শীতে উত্তরের মানুষের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে।
নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত বিভিন্ন রোগে গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চার শিশুর মৃত্যু হয়েছে।
এরা হল রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়ারচর গ্রামের বাবু (১২ দিন) ও শরীফা বেগম (৩ মাস), নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাবু (৫দিন) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার আম্বিয়া বেগম (১০)।
শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল আবছার বলেন, প্রচণ্ড শীতের কারণে নিউমোনিয়া আর ডায়রিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। হাসপাতালের ১২ বেডের শিশু ওয়ার্ডে এখন দেড় শ' শিশু ভর্তি আছে।
একদিনে চার শিশু মৃত্যুর কথা স্বীকার করে রংপুরের সিভিল সার্জন ডা. রেয়াজুল ইসলাম বলেন, "এ জন্য আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছি।"
শীতে তিস্তা নদীর গঙ্গাচড়া, কাউনিয়া আর পীরগাছা উপজেলার ৪০টি দুর্গম চরে অন্তত এক লাখ পরিবার সীমাহীন কষ্ট ভোগ করছে। অধিকাংশ ক্ষেত্রে এরা আগুন জ্বালিয়ে রাত কাটাচ্ছে।
রংপুর শহরেও সন্ধ্যার পর রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হয় না। শহরের ভাসমান কয়েক শ' পরিবার আগুন জ্বালিয়ে রাত পার করছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, শীতের শুরুতে পাঁচ হাজার শীতবস্ত্র অধিদপ্তর থেকে পাওয়া গিয়েছিল। এর মধ্যে সাড়ে চার হাজার কম্বল আর পাঁচ শ' পুরাতন গরম কাপড় উপজেলা ওয়ারী ভাগ করে দেওয়া হয়েছে।
আরো ৩০ হাজার শীতবস্ত্রের চাহিদা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
রংপুর জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আইয়ুব আলী জানিয়েছেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় হাঁস-মুরগি ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
এজন্য প্রয়োজনীয় টিকা দেওয়া এবং শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে গত তিনদিন এলাকার মানুষ সূর্যের মুখ দেখেনি। কনকনে ঠাণ্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।
রাত ৯টার পর থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। দিনের বেলায়ও বাতি জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে।
শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে বহু শিশু ও বৃদ্ধ।
নীলফামারী সিভিল সার্জন অফিস জানিয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের বমি ও পাতলা পায়খানা হচ্ছে। বয়স্করা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, তীব্র শীতে বিল ও চর এলাকার হাজার হাজার দরিদ্র পরিবারের মানুষ সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছে।
নিতান্ত কাজ না থাকলে বেলা ১১টার আগে কেউ ঘরের বের হচ্ছে না। আবার সন্ধ্যার আগেই রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, শীতে জেলার চর এলাকার বাসিন্দাদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশু ও বৃদ্ধদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি।
নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। তবে এ পর্যন্ত জেলার কোথাও শীতে কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
জেলার ত্রাণ বিভাগ থেকে এক হাজার কম্বল দেওয়া হয়েছে। এরপর নতুন আর কোনো বরাদ্দ আসেনি।
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জেলায় দুই শ' কম্বল বিতরণ করা হয়েছে বলে রেডক্রিসেন্ট কর্মকর্তা আজহারউদ্দিন সাফদার জানান।
চাঁদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, আট উপজেলার জন্য পাওয়া এক হাজার কম্বল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে।
এর মধ্যে সদর উপজেলায় ২০৮টি, ফরিদগঞ্জে ১৪৭টি, হাইমচরে ৫০টি, হাজীগঞ্জে ১৩২টি, কচুয়ায় ১৪০টি, মতলব উত্তরে ১৩০টি, মতলব দক্ষিণে ১০৬টি ও শাহরাস্তি উপজেলায় ৯০টি কম্বল দেওয়া হয়েছে।
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন চোকদার বলেন, "আমার ইউনিয়নের সাড়ে নয় হাজার বাসিন্দার মধ্যে ৯০ শতাংশ দুস্থ ও অসহায়। উপজেলায় আসা ৫০টি কম্বলের এখানে এসেছে মাত্র নয়টি।
তিনি বলেন, হাইমচর উপজেলায় চরভৈরবী, চরকোড়ালিয়া, মিয়ারচর, সিধিরচর, ডাকেরচর, চরকাশেম, বাহেরচর, নীলকমল, গাজীপুর, ঈশানবালাসহ প্রায় ১২টি চর রয়েছে। যেখানে কয়েক হাজার দুস্থ লোকের বসবাস রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24