ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো রয়েছে দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, সরকারের নানামুখী তৎপরতায় সব স্তরের সন্ত্রাসী-অপরাধীরা পালিয়ে গেছে।
শনিবার রাজধানীতে পুরাতন এলিফেন্ট রোডের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ওপর বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিবেদন বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "দেশের মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে জনগণই ভালো বলতে পারবে। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ ভালো রয়েছে। জঙ্গিরা ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়েছে। সব স্তরের সন্ত্রাসী অপরাধীরা পালিয়ে গেছে।"
বিচার বর্হিভূত হত্যা ও আইন-শৃঙ্খলার বিষয়ে বিরোধী দলীয় নেত্রীর সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী বলেন, "তিনি রঙিন চশমা চোখে দিয়ে কথা বলেন, কিন্তু নিজেদের দিকে তাকান না। দেশ ভালোভাবে চলুক, তা তিনি চাননা।"
এসময় টুকু বিএনপি জোট সরকারের সময়ে ১০ ট্রাক অস্ত্র, ২১ আগস্ট গ্রেনেড হামলা, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ড, আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের মতো ঘটনার কথা তুলে ধরেন।
'মাদক অপরাধ দমন আইনের প্রয়োগ' শীর্ষক কর্মশালায় অন্যদের মধ্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হুমায়ুন কবির ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টুকু বলেন, "মাদক দ্রব্য উদ্ধার ও আটকের পরে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেসব বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য চারটি অঞ্চলে মিনি পরীক্ষাগার স্থাপনের কথা ভাবছি।"
যুবসমাজকে মাদকের করাল থাবা থেকে মুক্ত করার জন্য দেশকে মাদকমুক্ত করারও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/জিএনএ/২৩০৯ ঘ.
bdnews24