২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ঘোষণায় পরিবেশবাদীদের আশা

জাহাজভাঙা শিল্প নীতিমালা প্রণয়নের প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 04:40 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজভাঙা শিল্প নীতিমালা প্রণয়নের প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। শেখ হাসিনা শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবি'র ৫১ তম জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে উপকূলীয় এলাকায় গাছ কাটার ওপর কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন। পাশাপাশি জাহাজভাঙা শিল্পের জন্য শিগগিরই নীতিমালা প্রণয়ণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণায় আশান্বিত চট্টগ্রামের পরিবেশবাদী ও নাগরিক সংগঠনগুলো। পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগের আহবায়ক শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ড উপকূলীয় অঞ্চলের ইয়ার্ডগুলোতে কোন নিয়মের তোয়াক্কা না করেই জাহাজ কাটা হয়। এতে শ্রমিকরা মারা গেলে বা মৃত্যু হলে ক্ষতিপূরণ দূরে থাক অনেকের লাশ পর্যন্ত পাওয়া যায় না। বারবার প্রশাসনের কর্তাব্যক্তিরা এসে নানা আশ্বাস দিয়ে গেলেও তা বাস্তবায়ন হয় না জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ঘোষণায় আমরা আশাবাদী। অচিরেই এ নীতিমালা তৈরি করে তা কার্যকর করে পরিবেশ বান্ধব জাহাজভাঙা শিল্প গড়ে তোলার দাবি জানিয়ে তিনি উপকূলীয় এলাকায় গাছ কেটে পরিবেশ ধবংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসের তথ্যানুযায়ী, ১৯৮২ সাল থেকে এ পর্যন্ত ফৌজদারহাট থেকে কুমিরা উপকূলীয় এলাকায় ১১৯ টি শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপিত হয়েছে। যার মধ্যে গত বছর ৮৭ টি প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়ন করেছেন। অথচ আগের বছর ইয়ার্ডের সংখ্যা ছিল ৪৫ টিরও কম। উপক'লীয় এলাকায় সবুজ বেষ্টনীর গাছ কেটে পরিবেশ ধবংস করে নতুন ইয়ার্ডগুলো প্রতিষ্ঠা করা হয় বলে পরিবেশবাদীরা অভিযোগ করছে। জাহাজভাঙা শ্রমিকদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশান (ইপসা) এর হিসাব মতে ১৯৮২ থেকে গত ২০ বছরে সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডগুলোতে কাজ করতে গিয়ে প্রায় ৪২০ জনের মতো শ্রমিকের মৃত্যু ঘটেছে। আহত হয়েছে ছয় সহস্রাধিক। নীতিমালা প্রণয়ণে প্রধানমন্ত্রীর ঘোষণা প্রসঙ্গে ইপসার প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আলী শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইপসা দীর্ঘদিন ধরেই এ শিল্পের শ্রমিক-মালিকদের স্বার্থ বিবেচনা করে নীতিমালা প্রণয়ণের দাবি জানিয়ে আসছিল। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ঘোষণা অবশ্যই ইতিবাচক। তিনি এ শিল্পের সাথে সংশ্লিষ্ট শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রতিষ্ঠারও দাবি জানান। গেল বছরের শেষ সপ্তাহে অনিরাপদ পরিবেশে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও লোহার পাত চাপা পড়ে ছয় শ্রমিকের মৃত্যু এবং ২০ জন আহত হয়। সর্বশেষ ৩০ ডিসেম্বর মাদাম বিবির হাটে স্থানীয় সাংসদ আবুল কাশেম মাস্টারের ছেলে এসএম আল মামুনের ইউনিক ট্রেডার্স নামে ইয়ার্ডে লোহার পাত চাপা পড়ে পাঁচ শ্রমিক আহত হয়। এর ঠিক চারদিন আগে ভাটিয়ারিতে রহিম স্টিল অ্যান্ড ইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে মারা যায় ছয় জন। গত বছরেই এ অঞ্চলের শিপ ইয়ার্ডগুলোতে জাহাজ ভাঙার কাজ করতে গিয়ে মারা গেছেন ২২ জনেরও বেশি শ্রমিক। এদের বেশিরভাগের মৃত্যু হয়েছে পরিত্যক্ত জাহাজের গ্যাস সিলিন্ডার ও তেল বিস্ফোরণ এবং কাটা লোহার পাত চাপা পড়ে। এছাড়া আহত হয়ে চিরতরে পঙ্গু হওয়া শ্রমিকের সংখ্যা পাঁচ শতাধিক। সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে কুমিরা পর্যন্ত বার কিলোমিটার উপকূলীয় এলাকা জুড়ে বিভিন্ন মালিকের ৮৭ টি শিপ ব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তাহীন পরিবেশে জাহাজ ভাঙার কাজ করছে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩০ হাজার শ্রমিক-কর্মচারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জিএনএ/২২৩৭ ঘ.