টাঙ্গাইল, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেকার যুবকদের উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস।
প্রয়োজনে নবীন উদ্যোক্তাদের সার্বিক অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ কমিউনিটি সেন্টারে শনিবার বিকালে গ্রামীণ ব্যাংকের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউনূস এ কথা বলেন।
তিনি বলেন, দৃঢ় মনোবল নিয়ে সম্মিলিতভাবে কাজ করলে সকল ক্ষেত্রেই সফলতা সম্ভব। সবার সহযোগিতা পেলে নবীনরা অবশ্যই সফল হবে।
চাকরির জন্য শিক্ষিত যুবকদের মন্ত্রী, সাংসদ ও ডিসি'র পেছনে ঘোরাঘুরি না করতে আহ্বান জানান ইউনূস।
টাঙ্গাইল গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক নূরজাহান বেগম, আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ব্যাংকের টাঙ্গাইল আঞ্চলিক অফিসের অধীন সকল এলাকার কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৩ ঘ.
bdnews24