সিরাজগঞ্জ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বাণিজ্য মেলা নিয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের একদিনের মাথায় শনিবার আওয়ামী লীগের দু'গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শনিবার সকালে পৌর এলাকার দত্তবাড়ি ও জানপুর গ্রামের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়ছেন।
এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা শনিবার ও রোববার ধর্মঘট ডেকেছে।
পরপর দু'দিন সংঘর্ষের কারণে জেলা প্রশাসন দুপুরে মেলা বন্ধের নির্দেশ দিয়েছে।
সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মাসব্যাপী আয়োজিত বাণিজ্য মেলায় জুয়া ও ভ্যারাইটি শো'র টিকিটের টাকার ভাগ এবং মেলায় জোরপূর্বক প্রবেশের ঘটনায় শুক্রবার ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে জেলা ছাত্রলীগ সভাপতি নূরুল ইসলাম সজল ও তার ছোট ভাই কিরণ আহত হন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. ওয়ারেছ আলী মিয়া বলেন, ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের জেরে ওইদিন রাতে বাজারে দত্তবাড়ির বাসিন্দা বেলাল নামের এক যুবলীগ কর্মীকে জানপুর গ্রামের আওয়ামী লীগ কর্মীরা মারধর করে।
এ ঘটনায় সকালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে দত্তবাড়ি এলাকার কয়েকজন নেতা-কর্মী শহরের কাপড় ব্যবসায়ী জানপুুর গ্রামের আব্দুল হাইকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, এর প্রতিবাদে বাজার বণিক সমিতির লোকজন শহরে বিক্ষোভ মিছিল করে এবং শনিবার ও রোববার বাজারে ধর্মঘটের ডাক দেয়।
ওসি জানান, আহত বেলাল হোসেন ও আব্দুল হাইকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আগের দিন আহত সজল ও কিরণকে স্থানীয় আবিসিনিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শহরের বিভিন্ন সড়কসহ মেলার আশপাশে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। দত্তবাড়ি গ্রামের আনিসুর রহমান ও সোলেমান শেখ বাদি হয়ে সদর থানায় দু'টি পৃথক মামলা করেছেন বলেও তিনি জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান বলেন, "মেলা নিয়ে জানপুর ও দত্তবাড়ি গ্রামের লোকজনের মধ্যে বারবার সংঘর্ষ হওয়ায় আমরা মেলা বন্ধের জন্য প্রশাসনকে অনুরোধ করেছি।"
সংঘর্ষটি রাজনৈতিক নয়, এলাকাভিত্তিক বলে দাবি করেন তিনি।
জেলা প্রশাসক মো. হুমায়ূন কবীর বলেন, বারবার গণ্ডগোল হওয়া এবং মেলায় অনৈতিক কার্যকলাপ চলায় তিনি মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র আয়োজনে গত ১০ ডিসেম্বর থেকে সিরাজগঞ্জ কলেজ মাঠে মাসব্যাপী কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বাণিজ্য মেলা শুরু হয়। মেলা শুরুর পর থেকেই সেখানে জুয়া ও ভ্যারাইটি শো নামে নানা অনৈতিক আয়োজন চলে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৯ ঘ.
bdnews24