ঢাকা, জানুয়ারী ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে চায় না বলে অভিযোগ করেছেন শীর্ষ স্থানীয় মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, "বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে চায় না বলেই সরকার বিষয়টিকে নানাভাবে ব্যাখা করছে। রাজনৈতিক সরকার হিসাবে তাদের এটি বন্ধ করা দরকার ছিল।"
শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০০৯ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বার্ষিক প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপনকালে সুলতানা কামাল এ অভিযোগ করেন।
আসকের নির্বাহী পরিচালক দেশে গত বছরের সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বলেন, "২০০৯ সালে কিছু কিছু বিষয় ভালো আবার কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। একটি গণতান্ত্রিক সরকারের কাছে প্রত্যাশা ও তাদের ইশতেহারের সঙ্গে মিলিয়ে অনেক মনখারাপের ঘটনা ঘটেছে।
"মানবাধিকার লংঘনের বিষয়ে সামরিক না কি বেসামরিক সরকার ক্ষমতায় রয়েছে, সেটি খুব একটা পার্থক্য হচ্ছে না। এই প্রবণতা থেকেই যাচ্ছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই প্রবণতা বন্ধও হবে না। তাই সরকারকেই এগিয়ে আসতে হবে।"
প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়, এক বছর সময় কোনো সরকারকে বিচার করার জন্য যথেষ্ট না হলেও এই সময়ে সার্বিক মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি। বরং সরকার শুরু থেকেই 'ক্রসফায়ার' আর হবে না বলে ঘোষণা দিলেও বিচারবর্হিভুত হত্যাকাণ্ড অব্যাহত আছে। তবে ক্রসফায়ারের কথা অস্বীকার করে বলা হচ্ছে 'আত্মরক্ষার জন্য গুলি চালানো'।
বিডিআর বিদ্রোহের ঘটনাকে সরকার রাজনৈতিকভাবে সমাধান করতে সক্ষম হওয়ায় সরকারের প্রশংসা করা হয় রিপোর্টে। তবে এতে বলা হয়, পরবর্তীতে সেনা হেফাজতে আটক বিডিআর সদস্যদের মৃত্যু জনগণের উদ্বেগের কারণ হয়ে দাড়ায়। আসক-এর নিজস্ব তদন্তে দেখা গেছে, জবানবন্দি আদায়ের জন্য রিমান্ডে নিয়ে বিডিআর সদস্যদের অমানুষিক নির্যাতন করা হয়। এমনকি ক্রসফায়ারের ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে জবানবন্দি আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আসক-এর হিসাব অনুযায়ী, ২০০৯ সালের অক্টোবর পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ২০০ জনের মৃত্যু হয়েছে। ২০০৮ সালে যা ছিল ১৭৫ জন। এই সংখ্যাও আশংকাজনক। তিনজন সাংবাদিক নিহত হওয়া ছাড়াও ১৭৫ জন সাংবাদিক নির্যাতন, হয়রানির শিকার হন।
নারী নির্যাতন প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, গত বছরের জানুয়ারী থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৪৩৯ জন নারী ধর্ষণের শিকার, ফতোয়ার ঘটনা ৩৫টি ও ২৭৭জন পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন। যৌতুকের শিকার হন ২৭৯ জন নারী, যাদের মধ্যে ১৮৯জনকে হত্যা করা হয়েছে। ৬৩ নারীর উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
২০০৯ সালে আইন-শৃঙ্খলা সম্পর্কে এতে বলা হয়, সারা বছরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি চোখে পড়েনি।
দুর্নীতি দমন কমিশনের দুর্নীতিবিরোধী অভিযান ২০০৯ সালে এসে অনেকাংশেই স্তিমিত হয়ে পড়ে বলে রিপোর্টে বলা হয়। এছাড়া মামলা প্রত্যাহারের ক্ষেত্রে সরকার দলীয়রা অগ্রাধিকার পাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী বলেন, "দারিদ্র্য ও অজ্ঞতা মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।
"মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। এ থেকে কাউকে বঞ্চিত করার সুযোগ নেই। কিন্তু দেশে-বিদেশে এই অধিকারের লংঘন হয়ে আসছে।"
সরকারের কোনো সংস্থার মাধ্যমে যাতে মানবাধিকার লংঘনের ঘটনা না ঘটে সেব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিচারপতি আমিরুল কবির চৌধুরী আরো বলেন, "কোনো সভ্য জাতিতে ক্রসফায়ার চলতে পারে না। এক্ষেত্রে আমরা চাই, বিষয়গুলো উচ্চপর্যায়ে তদন্ত হোক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২১৩০ ঘ.
bdnews24