বাগেরহাট, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনে বাঘের আক্রমণে রাসেল হাওলাদার (২৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে এই ঘটনা ঘটে। রাসেল সকালে বন বিভাগের অনুমতি নিয়ে এক সঙ্গীসহ বনের খালে মাছ ধরতে গিয়েছিলেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পাঁচ রাউণ্ড ফাঁকা গুলি করলে বাঘটি রাসেলের লাশ ফেলে পালিয়ে যায়।
পরে বনকর্মীরা তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে নিয়ে আসে।
রাসেল হাওলাদার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24