২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ২৫টি দোকান পুড়ে গেছে

বান্দরবানের লামা বাজারে শুক্রবার দুপুরে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 12:55 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

বান্দরবান, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের লামা বাজারে শুক্রবার দুপুরে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে সারের দোকান, খাবার হোটেল ও মুদি দোকানসহ ১৯টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। আংশিক পুড়ে গেছে আরো ছয়টি দোকান। লামা পৌরসভার মেয়র তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে বাজারের মাঝখানে অবস্থিত রতন ঘোষের চৌরঙ্গী হোটেল থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন। তিনি জানান, আগুন লাগার পরপরই পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়। কিন্তু দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো পুড়ে যায়। তাজুল ইসলাম জানান, চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোাগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে মো. জাকারিয়ার সারের দোকান, রতন ঘোষের হোটেল, মুদি, কাপড়, পান-সিগারেটের দোকান রয়েছে। পৌর মেয়র জানান, প্রাথমিকভাবে জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি। তাৎক্ষণিকভাবে পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৯টি দোকান মালিককে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি এক হাজার টাকা ও একটি মশারী এবং আলীকদম সেনা জোনের পক্ষ থেকে একটি করে টি শার্ট দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.