২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট ঘটনা: পিন্টু ও তাহেরকে জিজ্ঞাসাবাদের আবেদন

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলায় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও মাওলানা আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 05:28 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলায় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও মাওলানা আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ২৭ সেপ্টেম্বর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট আব্দুল কাহহার আকন্দ। পিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের ও মাওলানা আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আবেদনটি দায়রা আদালত থেকে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে হাকিম শাহাদাত হোসেন বৃহস্পতিবার পিন্টু ও মাওলানা আবু তাহেরকে কারাগার থেকে আদালতে হাজিরের নির্দেশ দেন। আগামী রোববার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগমের আদালতে ওই হামলার ঘটনায় করা হত্যা মামলায় অভিযুক্ত আরিফ হাসান ও মহিবুল্লাহর জামিন বাতিলের আবেদনের শুনানি হবে। গত ৯ সেপ্টেম্বর ঢাকার এক নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ এন এম বশির উল্লাহ বিস্ফোরক মামলায় তাদের দুজনের জামিন বাতিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২৩২৯ঘ.