ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের মধ্যে যুক্তির সংক্ষিপ্তসার জমা না দেওয়ায় বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানিতে অংশ নেওয়া থেকে রাষ্ট্রপক্ষকে বিরত রাখতে আবেদন জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি।
মঙ্গলবার এ মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদের (আর্টিলারী) পক্ষে অ্যাডভোকেট-অন-রেকর্ড নুরুল ইসলাম এ আবেদন করেন।
এ ব্যাপারে এই দুই আসামির প্রধান কৌঁসলি খান সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফারুক রহমান ও মহিউদ্দিনের পক্ষে অ্যাডভোকেট-অন-রেকর্ড নুরুল ইসলাম এ আবেদন দায়ের করেছেন।"
তিনি আরও বলেন, "আপিল বিভাগ রুলসের অর্ডার ১৯ অনুযায়ী এ আবেদন করা হয়েছে। ওই অর্ডার অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিলের যুক্তির সংক্ষিপ্তসার জমা দিতে হবে। যারা এই সংক্ষিপ্তসার জমা দেবে না, তারা আপিলের ওপর শুনানির অধিকার হারাবে।"
সরকার পক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জেনারেল এ কে এম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফারুক রহমান ও মহিউদ্দিনের পক্ষে আপিল বিভাগে একটি আবেদন জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকার নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত বিবরণী জমা দেয়নি। তাই সরকার পক্ষকে এ শুনানি থেকে বিরত করা হোক।"
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর আপিল বিভাগ ২৫ কার্যদিবস শুনানি গ্রহণ করে মৃতুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ (লিভ মঞ্জুর) করে।
আসামিপক্ষ নির্ধারিত সময়ে যু্িক্তর সংক্ষিপ্তসার জমা দেয়। গত ২৩ আগস্ট রাষ্ট্রপক্ষের যুক্তির সংক্ষিপ্তসার আপিল বিভাগে জমা দেওয়া হয়।
গত ২৪ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানির জন্য ৫ অক্টোবর তারিখ ধার্য করে দেন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
এ মামলায় ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার দায়রা জজ ২০ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্ট চূড়ান্ত রায়ে ১২ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে তিনজনকে খালাস দেন।
চুড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা ১২ আসামির মধ্যে কারাবন্দি চার আসামি অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ আপিল বিভাগে ওই বছরই লিভ টু আপিল করেন।
এছাড়া ২০০৭ সালের ১৮ জুন দেশে ফিরে আসার পর ওই বছরের ২৪ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদ জেল আপিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসএইচ/২২৩৪ ঘ.
bdnews24