২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিডিআর বিদ্রোহ মামলায় অভিযোগ গঠন আবার পিছিয়েছে

বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত সন্দেহে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তারকৃত বিডিআর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন বুধবারও হয়নি। এ নিয়ে অভিযোগ গঠনের দিন দ্বিতীয় দফায় পেছাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত সন্দেহে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তারকৃত বিডিআর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন বুধবারও হয়নি। এ নিয়ে অভিযোগ গঠনের দিন দ্বিতীয় দফায় পেছাল। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া আগামী ৪ নভেম্বর আবার অভিযোগ গঠনের দিন ধার্য করেন। এসময় গ্রেপ্তার ৯৯ জন বিডিআর সদস্যকে আদালতে হাজির করা হয়। মঙ্গলবার গভীর রাতে কারাগারে আটক এক বিডিআর সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপক্ষের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ৪ নভেম্বর অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেছেন। তিনি আরও জানান, ৫৩ জন বিডিআর সদস্য আদালতে জামিনের আবেদন জানালে বিচারক তা না মঞ্জুর করেন। উল্লেখ্য, এ বছরের ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের সময় সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারের জওয়ানরাও বিদ্রোহ করে। এ ঘটনায় চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। এর আগের দিন বাইতুল ইজ্জত থেকে ১০০ বিডিআর সদস্যকে আটক করা হয়। এরা বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। আটক ওই বিডিআর সদস্যদের বিরুদ্ধে বিদ্রোহের পরদিন বায়তুল ইজ্জতের বিডিআর অস্ত্রাগার ভেঙে অস্ত্র ও গুলি লুট, কমান্ডান্টের বাসা ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তায় যানবাহন ভাংচুর ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০১৬ঘ.