সৈয়দ নাহাস পাশা
যুক্তরাজ্য থেকে
লন্ডন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন, দল, দলীয় প্রধান শেখ হাসিনাকে নিয়ে করা ঝড় তোলা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে জলিল বলেন, তার আগের বক্তব্য গ্রেপ্তার অবস্থায় ডিজিএফআই'র নির্যাতনের বিচার না পাওয়ার ক্ষোভ থেকে উৎসরিত।
জলিলের সাক্ষাৎকার শুনতে ক্লিক করুন
শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে জলিল বলেছেন, তিনি আওয়ামী লীগেই থাকছেন। দেশেও ফিরবেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জলিল বর্তমানে ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন। সেখানে গত সপ্তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার বক্তব্য আওয়ামী লীগে তোলপাড় তোলে। এরপর বার্মিংহামে স্থানীয় যুবলীগ সমর্থকদের হাতে লাঞ্ছিতও হন তিনি।
জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে দলে। এরপর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী জানান, ৩ অক্টোবর অনুষ্ঠেয় দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে বৈঠকের চারদিন আগেই দুঃখ প্রকাশ করে জলিলের বক্তব্য এলো।
জলিল বলেছিলেন, গত নির্বাচনে আওয়ামী লীগ এক ধরনের সমঝোতা করে ক্ষমতায় গেছে। দলের কার্যনির্বাহী সংসদে না রেখে অনেক জ্যেষ্ঠ নেতার প্রতি 'অন্যায়' করেছেন শেখ হাসিনা। বর্তমান মন্ত্রিসভার ৯০ শতাংশই 'সংস্কারপন্থী'।
ওই বক্তব্যের বিষয়ে জলিল এখন বললেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটকাবস্থায় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই'র নির্যাতন তাকে অস্থির করে ফেলে। তিনি সংসদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচার চেয়েছিলেন, কিন্তু এখনও বিচার পাননি। তাই অন্তর্জ্বালা থেকে মাঝে মাঝে তার ক্ষোভ হয়।
জলিলের ভাষায়, "বিচার না পাওয়ার কারণে মাঝে মাঝে আমার যন্ত্রণা হয়। আমার অন্তর্জ্বালায় হয়তো ক্ষোভের প্রকাশ হয় এবং সেখানে হয়তো আমি আনুষাঙ্গিক কথা বলে থাকতে পারি। সে জন্য আমি দুঃখিত।
আগের বক্তব্যের বিষয়ে জলিল বলেন, "সেটা সম্পূর্ণভাবে আমার মানসিক যন্ত্রণার কারণে। আমি এটা ডাইজেস্ট করতে পারি না। "আমার বয়স ৭০ বছর চলছে। যে লোকটার ওপর তার বাবা-মা কোনদিন হাত তোলে নাই, গালিগালাজ করে নাই; সেই লোকটাকে রাস্তার এবং যে আমার কর্মচারী তারা,,,,,,,,। ডিজিএফআই আমার টাকার কর্মচারী, আমার করের পয়সা দিয়ে তার বেতন দেওয়া হয়। তাই আমি এটা হজম করতে পারি না।"
জরুরি অবস্থা জারির পর অনেক রাজনীতিকের মতো জলিলকেও গ্রেপ্তার করা হয়। ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তারের পর ২০০৮ সালের ২ মার্চ প্যারোলে মুক্তি পান তিনি। মুক্তির পর চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান। ছয় মাস পর ৩১ আগস্ট দেশে ফেরেন তিনি।
গ্রেপ্তার অবস্থায় ডিজিএফআই তার ওপর নির্যাতন চালিয়েছে অভিযোগ করে সংসদেও বক্তব্য রাখেন জলিল।
গ্রেপ্তার অবস্থায় নিজের স্বাক্ষর করা একটি চিঠিতে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জলিল। তখন দলে গণতন্ত্র নেই- অভিযোগ করে এর জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকেও দায়ী করেন তিনি।
কারামুক্তির পর অবশ্য জলিল চিঠির সব বক্তব্য অস্বীকার করেন। এরপর থেকে তাকে দলের পদে রাখা হলেও দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এমনকি কাউন্সিলের কোনও কাজে তাকে যুক্ত করা হয়নি। ওই ক্ষোভ থেকে গত জুলাইয়ে কাউন্সিলের তিন দিন আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন জলিল।
ডিজিএফআই'র নির্যাতন প্রসঙ্গে জলিল মঙ্গলবার আরও বলেন, "তারা আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। বাধ্য করেছে আমাকে সই করতে। তারা কী করেনি? পাঁচদিন রিমান্ডে রেখেছে, ছয়দিন রিমান্ডে রেখেছে। রিমান্ডে রেখে টেপ বানিয়ে বিদেশে পাঠিয়েছে, বাইরে পাঠিয়েছে। আমাকে জিজ্ঞাসাবাদের এই টেপ কীভাবে বাইরে গেলো?"
"আমি তাদের জিজ্ঞেস করলে তারা জানায়, এক সাংবাদিক চুরি করে নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম সাংবাদিক এখানে এলো কী করে? আপনি তো মিথ্যা কথা বলছেন। এই যন্ত্রণাটা আমাকে মাঝেমাঝে অস্থির করে ফেলে। আমি এজন্যই পালার্মেন্টে সংসদীয় কমিটি করার দাবি জানিয়েছিলাম। এদের ক্ষমতার অপব্যবহারের বিচারের প্রত্যাশায় সংসদে আমি কথা বলেছি।"
আওয়ামী লীগ সমঝোতা করে নির্বাচনে গেছে বলে দেওয়া আগের বক্তব্য থেকে সরে জলিল বলেন, তিনি কথার ভুল ব্যাখ্যা হয়েছে।
তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিন আগে বলেছিলেন, এ অভিযোগ তোলার আগে তার (জলিল) পদত্যাগ করা উচিত ছিল।
জলিল এখন বললেন, "সমঝোতা বলতে আমি নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুত করার কথা বোঝাতে চেয়েছি। সমঝোতা যদি না হতো তাহলে তো নির্বাচনই হতো না। যেমন নেত্রীকে (হাসিনা) গ্রেপ্তার করা হলো, খালেদা জিয়া গ্রেপ্তার হলেন, আমরা গ্রেপ্তার হলাম, নেত্রীর সঙ্গে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আলাপ-আলোচনা হলো। আমি সমঝোতা বোঝাতে এই আলাপ-আলোচনাকেই বুঝিয়েছি।
"সমঝোতা বলতে আওয়ামী লীগকে কেউ ক্ষমতায় বসিয়ে দিয়েছে এটা আমি বিশ্বাসও করি না, এটা আমি বলিও নি।"
নির্বাচন নিয়ে তার মনে কোনও প্রশ্ন নেই জানিয়ে জলিল বলেন, "নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আমি কোনও কথা বলিনি। আমার জীবনে যতো নির্বাচন দেখেছি, এর মধ্যে বাংলাদেশের ইতিহাসে এটি হচ্ছে (নবম সংসদ) সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।"
জলিলের বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মঙ্গলবার বলেন, তা একজন হতাশাগ্রস্ত ব্যক্তির কথা।
দলের প্রধান শেখ হাসিনার প্রতি কোনও ক্ষোভ আছে কিনা- জানতে চাইলে জলিল বলেন, "আমার কোনও ক্ষোভ নাই। তিনি আমাকে যা দিয়েছেন, আমি মনে করি এর বেশি আমার কিছু পাওয়ার নেই। উনার আশীর্বাদ না পেলে আমি জেনারেল সেক্রেটারি হতে পারতাম না। উনি মন্ত্রী বানিয়েছেন বলে তা সম্ভব হয়েছে।"
জলিল ২০০২ সালের ডিসেম্বরে দলের ১৯-তম কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে আওয়ামী লীগ সরকারে টেকনোক্র্যাট কোটায় তাকে বাণিজ্যমন্ত্রী করেন হাসিনা।
তবে তত্ত্বাবধায়ক সরকারের সময় মুক্তির পর সাধারণ সম্পাদকের দায়িত্ব আরও পালন করতে দেওয়া হয়নি জলিলকে। দলের মনোনয়নে সাংসদ নির্বাচিত হলেও স্থান পাননি হাসিনার মন্ত্রিসভায়।
পরে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হলেও দলীয় কাউন্সিলে কার্যনির্বাহী সংসদ থেকে বাদ পড়েন তিনি। তাকেসহ প্রভাবশালী বেশ কয়েকজন নেতাকে রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে।
মন্ত্রিসভা ও দলের দলের গুরুত্বপূর্ণ পদে না থাকার হতাশা বিভিন্ন সময় প্রকাশ করেন জলিল।
তিনি বলেন, "আমার মনের মধ্যে যে ব্যথা- আমাকে উনি (হাসিনা) শাস্তি দিলেন। শাস্তিটা কী অপরাধে দিলেন, আমি তা জানতে চাই। তিনি শাস্তি দিতে পারেন, একশ' বার পারেন; কারণ তিনি আমার নেত্রী। কিন্তু আমি জানতে চেয়েছি, আমার অন্যায়টা কোথায়?"
নিজেকে হাসিনার অনুগত দাবি করে জলিল বলেন, শেখ হাসিনাকে যখন রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছিল তখন আমিই একমাত্র তার পক্ষে কথা বলেছি।
"আমি এখনও শেখ হাসিনার পক্ষে আছি। তার ওপর আমার অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা আছে", বলেন তিনি।
দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে থাকবেন কিনা- এ প্রশ্নের উত্তরে জলিল জানান, তিনি আওয়ামী লীগেই থাকছেন।
তিনি বলেন, "দেশে ফিরে অবশ্যই রাজনীতিতে থাকব। আমি একটি আসনের প্রতিনিধি। রাজনীতি করব না কেন? আওয়ামী লীগের রাজনীতিই করব। শেখ হাসিনার নেতৃত্বেই করব। আমি শেখ হাসিনাকে অনেক উঁচুতে স্থান দেই।"
মন্ত্রিসভায় আগের সরকারের পাঁচ গুরুত্বপূর্ণ নেতার বাদ পড়ার বিষয়ে জলিল বলেন, "উনার (হাসিনা) কেবিনেট উনি গঠন করবেন, এটা তার প্রাধিকার। এখানে অন্যদের মতো, ছেলে-ছোকরাদের মতো আমরা বলতে পারব না, আমাদের নেন। উনি যদি মনে করেন আমাদের নেওয়ার দরকার আছে, উনি নেবেন। এটা সম্পূর্ণভাবে তার এখতিয়ার।"
এর আগে সরকারের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন জলিল। দল ও মন্ত্রিসভায় নবীন সদস্যদের অন্তর্ভুক্তির সমালোচনাও করেছিলেন তিনি।
এ বিষয়ে জলিল বলেন, "তার (হাসিনার) নেতৃত্বে দেশের একটা পরিবর্তন হবে না, তা আমি বিশ্বাস করি না। সেজন্য আমার আক্ষেপ থেকে বলেছি, নয় মাসে কোনও সাফল্য লাভ হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে অনেক কিছু দিতে পারি। দলকে দেশকে দেওয়ার এখনও অনেক সামর্থ্য আছে।"
ওয়ান-ইলেভেনের পর বাংলাদেশের রাজনীতিতে গুণগত কোনও পরিবর্তন এসেছে কিনা- জানতে চাওয়া হলে জলিল বলেন, "আসা উচিত ছিলো। আসেনি। আশানুরূপ নয়।"
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে তার সংলাপ ব্যর্থ হওয়ার জন্য খালেদা জিয়ার একগুঁয়েমিকে দায়ী করেন।
তিনি বলেন, "খালেদা জিয়া তখন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছিলেন না।"
তার সা
bdnews24