ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ নির্মাণ শিল্পকে একটি সম্ভাবনাময় খাত হিসেবে অভিহিত করে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, এ খাতের উন্নয়নে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
মঙ্গলবার ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট আয়োজিত 'বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের সম্ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনা' শীর্ষক জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর এম এ তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বুয়েটের নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক কে এইচ চৌধুরী, জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ গ্র"পের চেয়ারম্যান আব্দুল্লাহেল বারী, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন, হাইস্পিড গ্র"পের চেয়ারম্যান কে এম মাহমুদ উর রহমান ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি বক্তব্য রাখেন।
দিনব্যাপী এ সেমিনারে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবী ও চেম্বার নেতারা অংশ নেন।
নৌপরিবহণ মন্ত্রী বলেন, "সরকার জাহাজ নির্মাণ খাতের উন্নয়নে বিশেষ করে এটিকে বড় ধরনের রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে অত্যন্ত আগ্রহী। এ খাতের উন্নয়ন হলে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান হবে, অধিক বৈদেশিক মুদ্রা অর্জনসহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।"
এদিকে সম্মেলনের কনফারেন্স কনসালটেন্ট পার্টনার ক্রিয়েটিভ কমিউনিকেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ সম্মেলন দেশের জাহাজ নির্মাণ শিল্প মালিকদের সঙ্গে বাণিজ্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি রাষ্ট্রদূত, ইউরোপীয় কমিশন, গবেষণা কেন্দ্র এবং শিক্ষা ও ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটি সেতুবন্ধন রচনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/২৩২২ ঘ.
bdnews24