২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১১ অধ্যাপককে অব্যাহতি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ১০ অধ্যাপক ও এক জন সহযোগী অধ্যাপককে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে তাদের অব্যাহতি সংক্রান্ত আদেশ জারি করা হয়। বুধবার দুপুর ২টা থেকে এ আদেশ কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ১০ অধ্যাপক ও এক জন সহযোগী অধ্যাপককে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে তাদের অব্যাহতি সংক্রান্ত আদেশ জারি করা হয়। বুধবার দুপুর ২টা থেকে এ আদেশ কার্যকর হবে। অব্যাহতি প্রাপ্তরা হলেন, অধ্যাপক জাহাঙ্গীর কবির, অধ্যাপক নাসিম আহমেদ চৌধূরী, অধ্যাপক সায়েবা আক্তার, অধ্যাপক নুর জাহান বেগম, অধ্যাপক মতিউর রহমান মোল্লা, অধ্যাপক নার্গিস আক্তার, অধ্যাপক এসএ খান, অধ্যাপক আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান ও সহযোগী অধ্যাপক শরীফ হাসান। এদের সবাই বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান। সে সময় তারা তাদের আগের নিয়মিত সরকারি চাকরি থেকে অবসর নিয়ে এই চাকরিতে নিয়মিত হন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিন্ডিকেটের সিদ্ধান্তের পর ১১জন চিকিৎসক অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবসর গ্রহণের পরে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিধিবহির্ভূতভাবে তাদেরকে পুনরায় নিয়মিত চাকরিতে বহাল করা হয়।" তিনি বলেন, "চাকরি থেকে অবসর গ্রহণের পর চুক্তিভিক্তিক কাজ করা যেতে পারে, কিন্তু গণ কর্মচারী অবসর আইন ১৯৭৪ অনুযায়ী নিয়মিতভাবে কাজ করা যায়না। বিশ্ববিদ্যালয়ে চাকরির পূর্বে তারা সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন। এখানে চাকরি হওয়ার পর বিগত জোট সরকারের সময় সেখান থেকে অবসর নেন। অবৈধ ও বিধিবহির্ভূত প্রক্রিয়ায় এসব নিয়োগ সিন্ডিকেটের সভায় বাতিল করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার তাদের অব্যাহতি দেওয়ার আদেশ জারি করা হয়েছে, যা ৩০ সেপ্টেম্বর দুপুর থেকে কার্যকর হবে।" অধ্যাপক আবদুল গফুর আরো বলেন, "অব্যাহতিপ্রাপ্ত চিকিৎসকদের কেউ যদি চুক্তিভিত্তিক কাজ করতে চান, তাহলে তারা করতে পারবেন। ইতোমধ্যেই কয়েকজন চিকিৎসক আমাকে জানিয়েছেন, তারা চুক্তিভিত্তিক কাজ করতে আগ্রহী।" এদিকে, চিকিৎসকদের অব্যাহতি দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত বাতিলের জন্য কতৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআইটি/এএল/এইচএ/২১২৩ ঘ.