২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত শিক্ষানীতি প্রতিহতের ঘোষণা বিএনপিপন্থী শিক্ষকদের

প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোট নেতারা বলেছেন, তারা এ শিক্ষানীতি বাস্তবায়ন প্রতিহত করবেন। তাদের দাবি, প্রস্তাবিত শিক্ষানীতি ইসলাম ধর্মের মূল্যবোধের ওপর আঘাত হানবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোট নেতারা বলেছেন, তারা এ শিক্ষানীতি বাস্তবায়ন প্রতিহত করবেন। তাদের দাবি, প্রস্তাবিত শিক্ষানীতি ইসলাম ধর্মের মূল্যবোধের ওপর আঘাত হানবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৮ এপ্রিল অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে শিক্ষানীতি প্রণয়ন কমিটি- ২০০৯ ঘোষণা করা হয়। কমিটি ২ সেপ্টেম্বর তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। এতে প্রাথমিক শিক্ষার স্তরকে অষ্টম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক স্তরকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা, সব ধারার পাঠ্যসূচিতে কিছু অভিন্ন বিষয় বাধ্যতামূলক এবং একটি জাতীয় শিক্ষা কমিশন গঠনসহ বেশ কিছু সুপারিশ করা হয়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, "প্রস্তাবিত শিক্ষানীতিকে দলীয় শিক্ষানীতি বলা যায়।" নবম ও দশম শ্রেণীতে ব্যবসায় শিক্ষা শাখায় ইসলাম ধর্ম বিষয় বাদ দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, "এটি মুসলিম অধ্যুষিত এ দেশে ইসলাম ধর্মের মূল্যবোধের ওপর চরম আঘাত।" সেলিম বলেন, "এ শিক্ষানীতি কোনও অবস্থাতেই বাস্তবায়ন করা যাবে না। শিক্ষক সমাজ এটা প্রতিহত করবে।" প্রস্তাবিত শিক্ষানীতি বাস্তবায়ন না করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে সেলিম বলেন, এটি বাস্তবায়ন হলে সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারীর চাকরি হারানোসহ নানা ধরনের সমস্যায় পড়বে। প্রস্তাবিত শিক্ষানীতি শিক্ষামন্ত্রীর হাত ঘুরে বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে। সব শ্রেণীর মানুষের মতামত জানার জন্য জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেওয়া হয়। এতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মতামত দিতে বলা হয়। তবে মতামত দেওয়ার সময়সীমা বাড়ানোর চিন্তাভাবনা আছে বলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৯৩০ ঘ.