২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের মূল্য বাড়লেও আতংকিত হওয়ার কিছু নেই: খাদ্যমন্ত্রী

বাজারে চালের মূল্য বাড়লেও এতে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, চালের মজুদ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মন্ত্রী মঙ্গলবার সবিচালয়ে এ কথা বলেন। আব্দুর রাজ্জাক বলেন, "বাজারে ধান ও চালের মূল্য বাড়লেও মজুদ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেশের খাদ্য গুদামগুলোতে এখনো ১২ লাখ টন চাল এবং দেড় লাখ টনের মতো গম মজুদ রয়েছে। এর বাইরেও সরকার আরো সাত লাখ মেট্রিক টন গম কেনার প্রক্রিয়া শুরু করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 01:17 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাজারে চালের মূল্য বাড়লেও এতে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, চালের মজুদ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মন্ত্রী মঙ্গলবার সবিচালয়ে এ কথা বলেন। আব্দুর রাজ্জাক বলেন, "বাজারে ধান ও চালের মূল্য বাড়লেও মজুদ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেশের খাদ্য গুদামগুলোতে এখনো ১২ লাখ টন চাল এবং দেড় লাখ টনের মতো গম মজুদ রয়েছে। এর বাইরেও সরকার আরো সাত লাখ মেট্রিক টন গম কেনার প্রক্রিয়া শুরু করেছে।" চালের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার ধানের মূল্য নির্ধারণ করেছে মণপ্রতি ৫৬০ টাকা। কিন্তু এতদিন কৃষকরা তা পায়নি। এখন গ্রামেও চালের পাশাপাশি ধানের দাম বেড়েছে। ফলে কৃষকরা ধানের মূল্য পাচ্ছে। "যদিও এতে বেশি লাভবান হচ্ছে মিল মালিক ও ব্যবসায়ীরা" বলেন খাদ্যমন্ত্রী। শহরের বাজারে চালের দাম বেশ কিছুটা বাড়লেও মফস্বলে তেমন বাড়েনি জানিয়ে রাজ্জাক বলেন, "মফস্বল এলাকায় মোটা চালের দাম বেড়েছে কেজি প্রতি এক টাকা। তবে চিকন চালের দাম বেড়েছে দুই টাকা। আর এর ফলে কৃষকরাও লাভবান হচ্ছে।" এই সময়টাতে দেশে খাদ্য সংকট দেখা দেয় জানিয়ে মন্ত্রী আরও বলেন, এজন্য সরকার প্রয়োজনে গুদামের মজুদ থেকে ভিজিএফ, টিআর, কাবিখা ও খোলা বাজারে বিক্রির (ওএমএস) কার্যক্রম শুরু করবে।" এছাড়াও কয়েক দিনের মধ্যেই অতি দরিদ্রদের জন্য শুরু হবে কর্মসংস্থান কর্মসূচি। এর মাধ্যমে প্রায় ২০ লাখ পরিবার উপকৃত হবে বলে জানান তিনি। এর আগে জাতিসংঘ শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআর এর আবাসিক প্রতিনিধি সাবের আজমের সঙ্গে বৈঠক করেন আব্দুর রাজ্জাক। বৈঠক প্রসঙ্গে তিনি জানান, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকার দুটি ক্যাম্পে বর্তমানে ২৪ হাজার ১৩৫ জন নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এর বাইরেও অনেক শরণার্থী সেখানে রয়েছে যাদের কোনো নিবন্ধন নেই। ইউএনএইচসিআর তাদের নিবন্ধিত করার ব্যাপারে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৯১১ ঘ.