২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দাম বাড়ার জন্য কল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা

হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় চালকল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে ধান মজুদ করে তারা চালের দাম বাড়িয়ে দিয়েছে। কুষ্টিয়ার চাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিথিলা ফুড প্রোডাক্টসের মালিক গাজী মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিল মালিকরা আগে থেকেই ধান কিনে মজুদ করে রেখেছে। এখন সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 01:19 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় চালকল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে ধান মজুদ করে তারা চালের দাম বাড়িয়ে দিয়েছে। কুষ্টিয়ার চাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিথিলা ফুড প্রোডাক্টসের মালিক গাজী মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিল মালিকরা আগে থেকেই ধান কিনে মজুদ করে রেখেছে। এখন সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছে।" অবশ্য চালকল মালিকরা বলছেন, মৌসুম শেষের দিকে চলে আসায় বাজারে ধানের দাম বাড়ার সঙ্গে সঙ্গে চালের দামও বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজার চাল ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুষ্টিয়া, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের মিল মালিকরা ঈদের আগে থেকেই চালের দাম বাড়িয়ে দিয়েছেন। একই অভিযোগ নিউ সুপার মার্কেটের দিনাজপুর রাইস এজেন্সির মালিক হারুণ-অর-রশীদের। সোমবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম কেজিপ্রতি দুই থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটের দাম। তবে দেশের সবচেয়ে বড় মিনিকেট চাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার রশীদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের মালিক আব্দুর রশীদের মতে, ধানের দাম বাড়া ও সরবরাহ কমে যাওয়ার বিষয়টি চালের দামকে প্রভাবিত করেছে। গত এক সপ্তাহে প্রতিমণ চাউলের দাম ১৫০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন ধান প্রায় শেষের দিকে। তাই প্রতি মণ ধানে দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। ঈদের আগে ও পরে বেশ কিছুদিন বৃষ্টির জন্য পর্যাপ্ত ধান শুকানো যায়নি। এ ছাড়া কর্মচারিদের অনেকে ছুটিতে গেছেন।" নওগাঁ চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক নীরদ বরুন সাহা চন্দন বলেন, "এবার রোপা-আমন মৌসুম শুরু হতে তিন সপ্তাহ দেরি হবে। এটা বুঝতে পেরে ব্যবসায়ীরা ধান মজুদ করে দাম বাড়াচ্ছে।" গত কয়েকদিনে প্রতিমণ ধানের দাম ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলেও জানান তিনি। ঈদের আগে যে মিনিকেট কেজিপ্রতি ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি করা হয়েছে এখন তা-ই ৩৪ থেকে ৩৬ টাকা দরে বিক্রি করছেন বলে জানান কারওয়ান বাজার চাল ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান। এ হিসেবে কেজিপ্রতি মিনিকেট চালের দাম বেড়েছে ৬ টাকা। শাহজাহান আরও জানান, মিনিকেট ছাড়া নাজিরশাইল ও মোটা চালের দামও বেড়েছে প্রতি কেজিতে দুই-তিন টাকা। তিনি এখন প্রতি কেজি নাজিরশাইল বিক্রি করছেন ৩৫ থেকে ৪৬ টাকা এবং মোটা চাল ২৩ থেকে ২৫ টাকায়। তবে বাজার ভেদে চালের দামেরও বেশ তারতম্য লক্ষ্য করা গেছে। কারওয়ান বাজারে বিভিন্ন ধরনের চাল যে দামে বিক্রি হচ্ছে নিউ সুপার মার্কেটে কেজিপ্রতি একই চালের দাম দুই থেকে তিন টাকা কম। নিউ সুপার মার্কেটের দিনাজপুর রাইস এজেন্সির হারুণ-অর-রশীদ জানান, তিনি প্রতি কেজি মিনিকেট পাইকারি পর্যায়ে ৩২ টাকা থেকে ৩২ টাকা ৫০ পয়সা পর্যন্ত এবং খুচরা পর্যায়ে ৩২ টাকা ৫০ পয়সা থেকে ৩৩ টাকা দরে বিক্রি করছেন। এ ছাড়া বিভিন্ন ধরনের প্রতিকেজি নাজিরশাইল ৩৩ টাকা থেকে ৪২ টাকা দরে বিক্রি করছেন। গত এক সপ্তাহে সব ধরনের চালের দাম বাড়ার কথা জানিয়ে তিনি বলেন, "সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটের দাম। এক সপ্তাহের মধ্যে প্রতিকেজি মিনিকেট ৪ থেকে ৫ টাকা বেড়েছে।" সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবে একমাস আগে প্রতিকেজি মোটা চালের খুচরা মূল্য মূল্য ছিল ২০ থেকে ২২ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/প্রতিনিধি/এএল/এসএইচ/১৯১৭ ঘ.