নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় সোমবার ভোররাতে ব্যবসায়ী ছয় ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা বাড়ির লোকজনকে এলোপাথাড়ি ধারালো অস্ত্র কোপালে ছয়জন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে বাড়ির এক প্রতিবন্ধী কিশোরীকে জবাই করে হত্যার চেষ্টা চালায় ডাকাতরা।
ডাকাতরা নগদ ২৫ লাখ টাকা, ৭০ ভরি স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন সেট ও তিনটি ডিজিটাল ক্যামেরা লুট করে নিয়ে গেছে বলে পরিবারের লোকজন দাবি করেছে।
ঘটনার জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের কাছ থেকে লুন্ঠিত ক্যামেরা উদ্ধার করা হয়েছে বলে ফতুল্লা থানার ওসি জীবন কান্তি সরকার।
আহতরা হলেন- পরিমল সরকার (৪৫), তার প্রতিবন্ধী মেয়ে তন্বী সরকার (১৬), খোকন সরকার (৩৮), শুভ সরকার (১৮), কাজল সরকার (৪৮) ও রেখা রাণী সরকার (৪০)।
পরিমল পূর্ব লামাপাড়া এলাকার সরকার ভবনের প্রয়াত মাখন সরকারের ছেলে। তারা ছয় ভাই একতলা বাড়ির ১২টি কক্ষে পরিবার নিয়ে থাকেন।
এদের মধ্যে কাজল সরকার, পরিমল সরকার ও বাদল সরকার গার্মেন্টেসের ব্যবসা করেন। খোকন সরকার চীন থেকে শিশুদের খেলনা আমদানি করেন। সুতা ব্যবসার সঙ্গে জড়িত অন্য দুই ভাই জীবন সরকার ও রতন সরকার।
পরিমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোররাত ৩টায় ১৫/২০ জন ডাকাত তাদের বাসার কলাপসিবল গেটে ভেঙে ভেতরে ঢোকে। তারা বাড়ির লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।
তার প্রতিবন্ধী মেয়ে তন্বী সরকার আতঙ্কে চিৎকার করলে ডাকাতরা তাকে জবাই করে হত্যার চেষ্টা চালায়। তার অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।
এ ঘটনায় কাজল সরকার বাদী হয়ে দুপুরে ৭০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ লাখ টাকা লুট হয়েছে উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ভোর পৌনে ৪টায় ফতুল্লার শিবু মার্কেট এলাকার চায়ের দোকানে বসে চা পান করার সময় আব্দুর রশিদ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি ক্যামেরা উদ্ধার করা হয়।
পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে লামাপাড়া এলাকা থেকে তাহের নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা থানার ওসি জীবন কান্তি সরকার জানান, আব্দুর রশিদের বাড়ি নোয়াখালী। থাকেন গাজীপুর জেলার টঙ্গীতে। তার কাছ থেকে লুন্ঠিত একটি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। রশিদ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।
তিনি জানান, রশিদ তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতি মামলা থাকার কথা স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২১৫২ ঘ.
bdnews24