ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আর মাত্র একদিন মর্ত্যলোকে থাকবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। তার আশীর্বাদে ধন্য হয়ে বিপদ-আপদ, রোগ-শোকমুক্ত সুন্দর জীবন পেতে রোববার মহানবমী তিথিতে ছিল মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়।
সোমবার দেবীর বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
গ্রাম বাংলার আটপৌড়ে বাঙালি বধূর মতো প্রতিবছর একবার ছেলে-মেয়েদের নিয়ে মর্ত্যে বাবার বাড়িতে আসেন দেবী দুর্গা। মাত্র ১০ দিনের জন্য তার এই আগমন। এই সময়টুকুতে আনন্দ আর প্রার্থনায় সাজ সাজ রব বাঙালি হিন্দুদের ঘরে ঘরে। তাতে সামিল হন অন্য ধর্মের বাঙালিরাও। সে কারণেই এ উৎসব সার্বজনীন।
জগতের সব মানুষের মঙ্গল কামনায় রোববার অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা। পূজার আগে বিভিন্ন ধরনের মাটি দিয়ে দেবীকে করানো হয় 'মহাস্নান'। নানা আচারের মধ্যে দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি ছিল অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।
সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ঘুরে ভক্তরা দেবীকে প্রণাম করেছেন, দিয়েছেন অঞ্জলি। প্রার্থনার পাশাপাশি মণ্ডপগুলোতে প্রতিটি ঢোলের বাড়িতেই যেন ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
সোমবার দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
রমনা কালি মন্দিরের পুরোহিত সুখদেব চক্রবর্তী বলেন, "মা আর মাত্র একদিন মর্ত্যলোকে থাকবেন। তাই মায়ের আরাধনা করছি।"
তিনি জানান, সকালে কুমারী ভোজন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/১৪২৩ ঘ.
bdnews24