ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলোতে পড়ে থাকা বিশাল অংকের অতিরিক্ত তারল্য (অলস অর্থ) দ্রুত বিনিয়োগে নিয়ে আসাই এখন ব্যাংকিং খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, "একদিকে বিনিয়োগে স্থবিরতা, অন্যদিকে বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ বেড়ে যাচ্ছে।
"ফলে ব্যাংকগুলোতে তারল্যের পরিমাণ বাড়ছে। এই বাড়তি তারল্যকে দ্রুত বিনিয়োগে নিয়োজিত করাই ব্যাংকিং খাতের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।"
রোববার বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে (ব্যাংকার্স বৈঠক) ব্যাংকারদের উদ্দেশে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোতে বর্তমানে প্রায় ৩৫ হাজার কোটি টাকা অলস অর্থ (তারল্য) পড়ে আছে।
গভর্নর বলেন, গত ২০০৮-০৯ অর্থবছরের মতোই চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম কোয়ার্টারেও (জুলাই- সেপ্টেম্বর) দেশে বিনিয়োগ পরিস্থিতিতে চাঙ্গাভাব লক্ষ্যণীয় ছিল না। ফলে ব্যাংকিং খাতে বাড়তি (অতিরিক্ত) তারল্য ছিল চোখে পড়ার মতো।
"কিন্তু দুঃখজনক হলেও সত্য, এমন পরিস্থিতিতেও দু-একটি ব্যতিক্রম ছাড়া বেসরকারি ব্যাংকগুলো উৎপাদনশীল ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের চেয়ে ভোগ-বিলাস সহায়ক খাতে ঋণ দিতে বেশি উৎসাহী।"
বিশ্ব অর্থনীতির চলমান মন্দার কথা স্মরণ করিয়ে দিয়ে ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে আতিউর বলেন, "পশ্চিমের অর্থনীতিতে ব্যাংকগুলো বেশি বেশি ভোগ-বিলাস সহায়ক ঋণ দিয়ে পরিবারগুলোকে তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় করার জন্যে ঋণের বানে ভাসিয়ে দিয়েছিল।
"তার পরিণতি কি ভয়াবহ হয়েছিল, তা আমাদের সকলেরই জানা। আমাদের ব্যাংকগুলো ওই মন্দ উদাহরণ থেকে শিক্ষা নেবে বলেই আমি আশা করি।"
গভর্নর বলেন, "কেন্দ্রীয় ব্যাংক খুব খুশি হবে, যদি আমাদের ব্যাংকগুলো ব্যক্তি ও পরিবারকে অপ্রয়োজনীয় ভোগ-বিলাস সহায়ক ঋণের জলে না ডুবিয়ে বরং উৎপাদনশীল খাতে বেশি ঋণ দেয়।"
দেশে বিনিয়োগ চাঙ্গা করতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "টেকসই প্রবৃদ্ধির ধারায় গতি আনতে হলে উদ্যোক্তাদের সঙ্গে ব্যাংকগুলোর নতুন করে বোঝাপড়া এবং নতুন বিনিয়োগ উদ্যোগকে সহায়তা দেওয়া প্রয়োজন।"
প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে জানিয়ে গভর্নর বলেন, "এ কারণে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সরবরাহ নিয়ে কোনও দুশ্চিন্তা নেই। নতুন অর্থবছরের শুরুতেই আমরা (কেন্দ্রীয় ব্যাংক) যে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছি তাতে প্রয়োজনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগে ব্যবহার করার কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে।
"আর এজন্য বেশকিছু সৃজনশীল বিনিয়োগ উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, ধীরে ধীরে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে।"
কৃষি ও এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়ানোর তাগাদা দিয়ে তিনি বলেন, "দীর্ঘমেয়াদী বড় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃষি ও এসএমই খাতে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তিতে সহায়তা করাও ব্যাংকগুলোর অন্যতম দায়িত্ব।
"এভাবে আমরা সাম্য-সহায়ক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারবো। আর এমন ধারার উন্নয়ন হলে একদিকে উৎপাদন বাড়বে, অন্যদিকে কর্মসংস্থানও বাড়বে। বাড়বে সাধারণ মানুষের আয়-রোজগারও।"
এ লক্ষ্যকে সামনে রেখে ব্যাংকগুলো তাদের 'ভিশন ও মিশন' পরিষ্কার করে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।
ভোগ-বিলাস খাতে বিনিয়োগের নেতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, "নতুন বাড়ি নির্মাণে ব্যাংক ঋণ খারাপ নয়। তবে একই পরিবারের একাধিক বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের জন্যে বেশি বেশি ঋণ দেওয়া 'আখেরে ফটকাবাজি' কর্মকাণ্ডেরই নামান্তর। এতে করে বাড়ি-ঘরের দাম খুব বেশি হারে বেড়ে যাবে।"
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "হাউজিং খাতে মর্টগেজ (জামানত) নির্ভর নিরাপত্তার বিপরীতে সেকেন্ডারি বাজার সৃষ্টি করা না গেলে বাড়ি নির্মাণের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার ফলে ব্যাংকগুলোর কাছে ঋণের চাহিদা যখন বাড়বে তখন পশ্চিমের দেশগুলোর মতো তারল্য সংকট দেখা দিতে পারে।
"আমাদের ব্যাংকগুলোকে হাউজিং খাতে বিনিয়োগ করার সময় এই ধরনের ঋণের চোরাবালির কথা মনে রাখতে হবে।"
ব্যাংকার্স বৈঠকের পর এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা জানান, বৈঠকে গভর্নর দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে কৃষি ও এসএমই খাতে বেশি বেশি বিনিয়োগ করার তাগিদ দিয়েছেন তিনি।
এসএমই খাতে ব্যাংকগুলোর বিনিয়োগ কম হওয়ায় বৈঠকে গভর্নর অসন্তোষ প্রকাশ করেন বলেও জানান ডেপুটি গভর্নর।
পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, "ব্যাংকগুলো তাদের মোট বিতরণকরা ঋণের মাত্র ২১ শতাংশ এসএমই খাতে দিয়ে থাকে। অথচ যে কোনও দেশে এ হার ৫০ থেকে ৬০ শতাংশ।"
বাংলাদেশে এসএমই খাতে এ হারে ঋণ বিতরণ হলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেন তিনি
এসএমই খাতে সুদের হার নিয়ে ব্যাংকগুলো বিভ্রান্তি সৃষ্টি করছে অভিযোগ করে নজরুল হুদা বলেন, "কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ ১৩ শতাংশ সুদে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিলেও এসএমই'র সংজ্ঞা নিয়ে বিভ্রান্তি সৃস্টি করে ব্যাংকগুলো ১৬-১৭ শতাংশ সুদ আদায় করছে।"
বৈঠকে গভর্নর চলতি বছরের মধ্যেই বাসেল-২ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে অবিলম্বে 'অ্যাকশন প্ল্যান' তৈরির নির্দেশ দিয়েছেন বলে জানান ডেপুটি গভর্নর।
তিনি বলেন, "২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে ব্যাংকগুলোকে বাসেল-২ অনুযায়ী তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। অনেক আগে থেকেই কেন্দ্রীয় ব্যাংক থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
"কিন্তু এখন পর্যন্ত বিদেশি ব্যাংকগুলো ছাড়া সরকারি-বেসরকারি ব্যাংকগুলো তেমন প্রস্তুতি নেয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এসএইচ/২২৪৮ ঘ.
bdnews24