চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে-বিপক্ষে রোববার মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
মহানগর ছাত্রলীগের একাংশ মেয়র মহিউদ্দিন চৌধুরীর পক্ষে এবং যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অপর একটি অংশ তার শাস্তি দাবি করে আলাদা আলাদা কর্মসূচি পালন করে।
মহিউদ্দিনের কুশপুত্তলিকা নিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলে যোগ দিতে আসার পথে মেয়র সমর্থিত ছাত্রলীগ নেতা-কর্মীরা ছাত্রলীগের দুই কর্মীকে মারধর করে। নগরীর দারুল ফজল মার্কেটের সামনে বিকেল সাড়ে পাঁচটার দিকে আজম নাছির সমর্থিত ছাত্রলীগের দুই কর্মীর কাছ থেকে অপর অংশের কর্মীরা কুশপুত্তলিকা কেড়ে নেয়।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে মেয়র মহিউদ্দিন চৌধুরীর বৈঠকের পর নগর আওয়ামী লীগের মেয়র বিরোধী নেতা-কর্মীরা প্রকাশ্যে তার শাস্তি দাবি করে গত কয়েকদিন ধরে মিছিল-সমাবেশ করছে।
মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রলীগ নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে আন্দরকিল্লাহসহ বিভিন্ন সড়ক ঘুরে এসে আবার সেখানে সমাবেশ করে। মহানগর ছাত্রলীগ সভাপতি এম আর আজিমের সভাপতিত্বে সমাবেশে ছাত্রলীগ নেতারা মেয়রের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন।
আজিম বলেন, "ছাত্রলীগের নাম ব্যবহার করে কতিপয় ষড়যন্ত্রকারী মিছিল-সমাবেশ করছে। তারা ছাত্রলীগের কেউ নয়। ষড়যন্ত্রকারীদের সঠিক জবাব দেওয়া হবে।"
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, নগর শাখা নেতা আবুল হোসেন আবু, নুরুল আলম মিয়া, শিবু প্রসাদ ও হাবিবুর রহমান তারেক।
অন্যদিকে মেয়র বিরোধী হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা আজম নাছির সমর্থিত যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ প্রায় একই সময়ে আন্দরকিল্লা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বরে যায়।
সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে বৈঠক করার জন্য মহিউদ্দিনের শাস্তি দাবি ও দল থেকে তাকে বহিষ্কারের দাবি জানানো হয়।
যুবলীগ নেতা ফারুক আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য রফিউল হায়দার রাফি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সালাহউদ্দিন, যুবলীগ নেতা বিজয় কৃষ্ণ এবং সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হক ডিউক।
সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে বৈঠকের প্রতিবাদে শনিবার মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা পোড়ায় মহানগর ছাত্রলীগের একাংশ।
বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ঈদের পরদিন মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিনের চশমা হিলের বাসায় দাওয়াত খান। তারা এক ঘন্টার বেশি সময় একান্ত বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24