ফরিদপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর গ্রামে রোববার সকালে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে নয়জনকে ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং দুজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর কুমার দাস জানান, পূর্ব শত্র"তার জের ধরে রামকান্তপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তালুকদারের সমর্থকদের সঙ্গে সাবেক চেয়ারম্যান আব্দুল হাই আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
সিদ্দিকুর রহমান বিএনপির এবং আব্দুল হাই আজাদ আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত।
ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- সোহরাব (৩০), সিদ্দিক (৩৫), আসমা (১৭), আবুল খায়ের (৪০), তৈয়ব আলী (৪২), সোহেল শরীফ (২২), সাঈদ মোল্লা (৬০), মোজাম্মেল (২৭) ও শহীদ (৪০)।
এ ব্যাপারে সিদ্দিকুর রহমান জানান, আগের একটি মারামারি ঘটনায় সালথা থানায় মামলা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আসামিরা বাদী ইকরাম মোল্লাকে মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল।
রোববার সকালে আসামি রব তালুকদার, মাজহার তালুকদার এস্কেন্দার তালুকদারের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশি অস্ত্র রামদা, ঢাল-সড়কি নিয়ে ইকরাম মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় ইকরামের ভাতিজি বাধা দিলে তাকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করে।
এ ব্যাপারে আব্দুল হাই আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৬ ঘ.
bdnews24