সিলেট, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শহরের এক আবাসিক হোটেল থেকে শনিবার রাতে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, তাকে খুন করা হয়েছে।
সকালে নগরীর ধোপাদিঘিরপাড়ের সিলভার শাইন হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ।
ওই নারী এক ব্যক্তির সঙ্গে শুক্রবার সন্ধ্যায় হোটেলে ওঠেন।
পুলিশ কর্মকর্তার নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বামী-স্ত্রী পরিচয়ে তারা এ হোটেলে ওঠেন। শনিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় মহিলার লাশ পাওয়া যায়। তবে তার সঙ্গীকে পাওয়া যায়নি।"
তিনি জানান, হোটেলের রেজিস্ট্রারে নিহতের সঙ্গীর নাম আব্দুল্লাহ লেখা রয়েছে। তবে নারীর নাম ছিল না। ঠিকানা দেওয়া আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল উপজেলার শান্তিনগর গ্রাম।
নূর মোহাম্মদ বলেন, "ওই মহিলাকে সিলেটে এনে পরিকল্পিতভাবে খুন করে ঘাতক পালিয়েছে বলে ধারণা করছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।"
লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24