কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল সংসদে ফিরে এলে তাদের কথা বলার পর্যাপ্ত সময় দেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
তিনি বলেন, "তখন যদি বিরোধী দলের কোন দাবি ন্যায়সঙ্গত হয়, তবে আমার পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ থাকবে। কিন্তু বিরোধী দল সংসদের বাইরে থাকলে আমার করার তেমন কিছুই থাকে না। বিরোধী দল এলে সংসদ কার্যকর হয়।"
শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে এক নাগরিক সংবর্ধনায় আবদুল হামিদ এসব কথা বলেন।
স্পিকার আরও বলেন, "আমি নিরপেক্ষ আছি এবং ভবিষ্যতেও নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করে যাব।"
শিক্ষাবিদ অধ্যাপক রফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংসদ মুজিবুল হক চুন্নু বক্তব্য রাখেন।
এর আগে কিশোরগঞ্জ স্টেডিয়ামে পৌঁছানোর পর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও মালা দিয়ে স্পিকারকে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া যাত্রাপথে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের ভৈরব থেকে ৫৬ কিলোমিটার সড়কের অর্ধশতাধিক জায়গায় স্থানীয়ভাবে স্পিকারকে সংবর্ধনা দেওয়া হয়।
স্পিকারের দায়িত্ব পাওয়ার পর কিশোরগঞ্জে এটাই আবদুল হামিদের প্রথম সফর।
পরে রাতে তিনি কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী উপজেলার ১০টি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০১১২ ঘ.
bdnews24