ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বাড়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। কারণ এর ফলে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ার পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রকোপও বাড়বে বলে হুঁশিয়ার করেছেন বিশেষজ্ঞরা। আর তা মোকাবেলায় জনগণকে সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারায় বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন আসবে। এতে একদিকে বর্ষা মৌসুমে নদী-নালার পানি প্রবাহ অস্বাভাবিক হারে বেড়ে যাবে। অন্যদিকে শুকনা মৌসুমে কিছু নদীতে পানির অভাব দেখা দেবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানান তারা। ইনটিগ্রেটেড কমিউনিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ (ইনসিডিন) এ সম্মেলন ডাকে।
নগরীর ব্র্যাক সেন্টারে বৈশ্বিক উষ্ণতা নিয়ে নাগরকিদের দৃষ্টিভঙ্গি বিষয়ক এক জাতীয় সভার আগে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
ইনসিডিনের নির্বাহী পরিচালক এ কে এম মোস্তাক আলী বলেন, জলবায়ু পরিবর্তনে চরম ক্ষতিগ্রস্ত হবে কৃষি খাত। পাশাপাশি ক্ষতির শিকার হবে বনায়ন, মৎস্য, শিল্প এবং অবকাঠামো খাতও।
"তাই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল ঠিক করার আগে এর প্রধান ভুক্তভোগী সাধারণ মানুষকে তাদের সমস্যার কথা বলতে হবে এবং সরকারকে তা শুনতে হবে", বলেন তিনি।
ইন্টার-গভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) বলছে, বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা বড়তে থাকায় বৈশ্বিক উষ্ণতার চরম ঝুঁকিতে পড়বে বাংলাদেশ।
মোস্তাক আলী বলেন, "বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ পানি সঙ্কট ও ভূমি হারানোর পাশাপাশি সামাজিক সঙ্কটে পড়বে। দারিদ্র্যের কবলে পড়বে বিপুল সংখ্যক মানুষ। এছাড়া দেশের খাদ্য নিরাপত্তাও পড়বে চরম হুমকিতে।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবারের সভায় দেশের বিভিন্ন অঞ্চল, পেশা ও জাতিগোষ্ঠীর ১০০ প্রতিনিধি অংশ নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক নীতি সম্পর্কে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরবেন। যা সরকারের কাছে তুলে ধরা হবে।
আগামী ডিসেম্বর মাসে ডেনমার্কের কোপেনহেগেনে জাতিসংঘের ১৫তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৬৮টি দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞের পাশাপাশি বাংলাদেশও অংশ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/ইসি/এজে/এমআই/১৯১০ ঘ.
bdnews24