২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অফিস-আদালত খুলেছে, উপস্থিতি কম

ঈদের ছুটির পর বুধবার সরকারি অফিসগুলোতে উপস্থিতির হার ছিলো খুবই কম। তিনদিন ও দুদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচদিনের ছুটি শেষে বুধবার সরকারি অফিস-আদালত ও বাণিজ্যিক ব্যাংকসমূহ খোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 05:35 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটির পর বুধবার সরকারি অফিসগুলোতে উপস্থিতির হার ছিলো খুবই কম। তিনদিন ও দুদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচদিনের ছুটি শেষে বুধবার সরকারি অফিস-আদালত ও বাণিজ্যিক ব্যাংকসমূহ খোলে। সকাল সোয়া ১১ টা পর্যন্ত ৪০ শতাংশেরও কম কর্মকর্তা-কর্মচারি প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে যান বলে জানিয়েছেন সেখানকার পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন। তবে একই শাখার অন্য একজন অধঃস্তন কর্মকর্তা সকালে জানান, উপস্থিতির হার ২৫ শতাংশের বেশি হবে না। রুহুল আমীন সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের পর সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থিতির হার ৬০ শতাংশ হলে তাকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু এবার তা ৪০ শতাংশেরও কম।" বুধবার সকাল ১১ টা পর্যন্ত মাত্র চারজন মন্ত্রী সচিবালয়ে গেলেও পরে দুপুরের দিকে ডজনখানেক মন্ত্রী যান। সকালে সচিবালয়ে যান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী শফিক আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। পরে দুপুরের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ বেশ কয়েকজন মন্ত্রী সচিবালয়ে যান। তবে বেশির ভাগ মন্ত্রী ও কর্মকর্তা-কর্মচারিরা কুশল বিনিময়েই ব্যস্ত ছিলেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ঢাকায় ঈদ করেছেন-এমন কর্মকর্তা-কর্মচারিরাই কেবল অফিসে এসেছেন। এ ছাড়াও সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণেও অনেকে অফিসে আসতে পারেননি। এ কারণে অফিসের চেয়ার ও কক্ষগুলো প্রায় খালি পড়ে থাকতে দেখা যায়। ছুটিতে যারা ঢাকার বাইরে গেছেন, তাদের বেশিরভাগই বুধবার অফিস করেননি। এদের মধ্যে অনেকেই ঈদের ছুটির সঙ্গে বুধ ও বৃহস্পতিবার এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ করে আগামী সপ্তাহে ঢাকায় ফিরবেন। আইনানুগ ছুটির পাশাপাশি এক্ষেত্রে 'ম্যানেজ ছুটি'ও হয়েছে অনেক, জানান এক কর্মকর্তা। ফলে আগামী ২৮ সেপ্টেম্বরের পুজার ছুটির আগে সরকারি অফিসগুলোতে উপস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। বেসরকারি অফিসগুলোও বুধবার খুলেছে। সরকারি অফিসের মতো বেসরকারি অফিসেও কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতির হার ছিল কম। তাদের অফিসে ঢুকেই ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। সকালের দিকে রাজধানীর রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিলো বললেই চলে। যানবাহন চলাচল ছিলো খুবই কম। তবে ভোররাত থেকেই রাজধানীর বাস টার্মিনাল, রেল ও লঞ্চ স্টেশনগুলোতেও বাড়ি ফেরা মানুষের কিছুটা ভিড় দেখা গেছে। পর পর তিনটি ঈদুল ফিতরে চারদিনের ছুটি থাকলেও এবার তিনদিনের ঈদের ছুটির পরই খুলছে অফিস-আদালত। ২২ সেপ্টেম্বর ঈদ হলে ২৩ সেপ্টেম্বর অফিস-আদালত বন্ধ থাকবে বলে দেওয়া সরকারের আগাম নির্বাহী ঘোষণা আর কার্যকর হয়নি। কারণ, ঈদ হয়েছে ২১ সেপ্টেম্বর। রমজান মাসের জন্য অফিস-আদালতের সময়সূচি ছিল সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত। ঈদের পর আগের সময়সূচি অনুযায়ী অর্থাৎ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস-আদালত চলবে। আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসএইচ/১৭৪৮ ঘ.