২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক পৌঁছেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার নিউ ইয়র্ক পৌঁছেছেন। সেখানে তিনি দিনের প্রথম কর্মসূচি হিসেবে আরও ২৪ টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার নিউ ইয়র্ক পৌঁছেছেন। সেখানে তিনি আরও ২৪ টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের দেওয়া নৈশভোজে অংশ নেবেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় (নিউ ইয়র্ক সময় সকাল নয়টা) টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক পৌঁছেছেন। তিনি তার হোটেলের উদ্দেশে রওনা দিয়েছেন।" মোমেন বলেন, "ঢাকা থেকে ঈদের দিন রওনা করে দীর্ঘ সময় যাত্রা পথে ছিলেন প্রধানমন্ত্রী। তাই আমরা তার বিশ্রামের জন্য সকালের সময়টা রেখেছি।" দুবাইতে যাত্রাবিরতিসহ দীর্ঘ ২১ ঘণ্টার ভ্রমণ শেষে শেখ হাসিনা নিউ ইয়র্ক পৌঁছান। জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি বলেন, "কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যাবেন।" বান কি মুনের সঙ্গে মাত্র ২৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্র্রধানের নৈশভোজের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর থাকার বিষয়টিকে বিশেষ গুরুত্বসহকারে উল্লেখ করেন রাষ্ট্রদূত। সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্রধানমন্ত্রী এমিরেটস্ এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে করে ঢাকা ছাড়েন। ২৩ সেপ্টেম্বর দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে এক অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতে প্রথম ১০টি দেশের সরকার প্রধানের সম্মানে ওবামা এই অনুষ্ঠানের আয়োজন করছেন। বাংলাদেশ সৈন্যসংখ্যার হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখছে। সন্ধ্যায় বারাক ওবামা ও মিশেল ওবামার দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর নারী সরকার ও রাষ্ট্র প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রীদের সম্মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন শেখ হাসিনা। ২৫ সেপ্টেম্বর শ্রীলংকার প্রধানমন্ত্রী, কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল, কেনিয়ার প্রধানমন্ত্রী এবং ওআইসি'র সেক্রেটারি জেনারেলের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। ওয়াশিংটন হয়ে ১ অক্টোবর সকালে দেশে ফিরবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, মন্ত্রীপরিষদ সচিব এম আব্দুল আজিজ, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাংসদ নাসরুল হামিদ বিপু, কলামিস্ট মুস্তাফা নুরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এইচএ/২০৫৮ ঘ.