ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের তিন দিনের ছুটির পর বুধবার সরকারি অফিস-আদালত, বানিজ্যিক ব্যাংকসমূহ খুলছে।
২২ সেপ্টেম্বর ঈদ হলে ২৩ সেপ্টেম্বর অফিস আদালত বন্ধ থাকবে বলে দেওয়া সরকারের আগাম নির্বাহী ঘোষণা আর কার্যকর হচ্ছে না। কারণ, ঈদ হয়েছে ২১ সেপ্টেম্বর।
পর পর তিনটি ঈদুল ফিতরে চার দিনের ছুটি থাকলেও এবার তিন দিনের ছুটির পরই খুলছে অফিস-আদালত। অবশ্য দু'দিনের সাপ্তাহিক ছুটি মিলে যাওয়ায় এবারও ছুটি হয়েছে পাঁচ দিন।
সাপ্তাহিক ছুটির পর ২০ সেপ্টেম্বর থেকে ঈদের সরকারি ছুটি শুরু হয়। মঙ্গলবার এ ছুটি শেষ হচ্ছে।
রমজান মাসের জন্য অফিস-আদালতের সময়সূচি ছিল সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত। ঈদের পর আবার আগের সময়সূচি অনুযায়ী অর্থাৎ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস-আদালত চলবে।
আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি রয়েছে।
যারা ঈদে গ্রামের বাড়ি গেছে, তাদের অনেকে বুধ ও বৃহস্পতিবারের পর শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় ওই শনিবারের আগে ঢাকায় ফিরছেন না।
সেটা হলে বুধবার অফিস-আদালতে উপস্থিতির হারও থাকবে তুলনামূলকভাবে কম, দীর্ঘ ছুটির রেশ কাটবে না।
ঈদের দিন ঢাকায় থেকে মন্ত্রীদের অনেকে সোমবার নিজ নিজ নির্বাচনী এলাকায় যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/ ১২২৮ ঘ.
bdnews24