ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিনে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়েছিলো ৬৩ জনকে।
এ দিন ঢাকার ৪১টি থানার মধ্যে ১৬টি থানা থেকে ৫৯টি সুনির্দিষ্ট ফৌজদারি মামলা ও মহানগর পুলিশ অধ্যাদেশের ১৩টি সাধারণ ডায়েরিতে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়।
বিকেল চারটা পর্যন্ত ঢাকা মহানগরের বাইরের থানাগুলো থেকে কোনও আসামিকে আদালতে নেওয়া হয়নি।
সদ্য গ্রেপ্তারদের ব্যাপারে আদেশ দিতে সোমবার ঈদের দিন আদালতে বসেন মহানগর হাকিম শামীমা পারভীন।
এ দিন যাত্রাবাড়ি থেকে ৬ জন নাবালককে ধরে নেওয়া হয় গ্রন্থস্বত্ব আইন ভেঙে সিডি এবং ডিভিডি বিক্রি ও সংরক্ষণের চেষ্টার অভিযোগে।
মহানগর হাকিম শামীমা পারভীন জিজ্ঞাসাবাদের জন্য তাদের একদিনের রিমান্ডে পাঠান।
যদিও তাদের আইনজীবী সৈয়দ শাহ আলম আসামীদের অপ্রাপ্ত বয়স্ক দেখিয়ে সাত দিনের চাওয়া রিমান্ড বাতিল করে জামিন চান।
তবে আদালত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অ্যাডভোকেট কালীপদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার চান্দু শামীমের জামিন করাতে ঈদের দিনের আদালতে এসেছিলেন তিনি।
তবে আদালত জামিন নামঞ্জুর করেন। চান্দু শামীমের বাড়ি কেরানীগঞ্জের শুভাঢ্যার উত্তর পাড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএইচ/২১৩০ ঘ.
bdnews24